১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব
দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বৃস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে এদিন সকাল সাড়ে ৭টায় এই ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
জুলাই গণঅভ্যুত্থানের পর আজ অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। একসঙ্গে হচ্ছে গণভোটও। জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নিতে এবার গণভোট হচ্ছে।
মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬,৪৮,২৫,৩৬১ জন, নারী ৬,২৮,৮৫,২০০, হিজড়া ১,২৩২। ২৯৯টি আসনে মোট প্রার্থী ২০২৮ জন। দলীয় প্রার্থী ১৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।
মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি। সাধারণ ভোটকেন্দ্র ২১,২৭৩টি; গুরুত্বপূর্ণ ২১,৫০৬টি।
অন্যদিকে প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে স্থগিত রয়েছে নির্বাচন। এবার নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল নির্বাচনে অংশ নিয়েছে।
তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি। ফলে দলটি এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না।
খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে দু’পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা দশ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাড়ি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটায় আলিয়া মাদ্রাসা একাডেমিক ভবন কেন্দ্রের অদূরে সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করে বলেন, সকাল থেকেই কেন্দ্রে উত্তেজনা ছিল। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন। এতে গাছের সঙ্গে মাথায় আঘাত পান। এতেই তার মৃত্যু হয়েছে।
তবে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান বলেন, আমাদের নারী কর্মীদের বিএনপির লোকজন বের করে দিচ্ছিল। আমি বাধা দেই। তখন তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে শুনি তিনি মারা গেছেন। কাউকে ধাক্কা বা মারধরের ঘটনা ঘটেনি। মাদ্রাসার সিসি ক্যামেরা আছে চেক করলে সব ধরা পড়বে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে। এটি আমার বিষয় নয়। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা সদর থানা এসআই খান ফয়সাল রাফি বলেন, দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরির সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেই। তখন একজনকে সিএনজিতে করে বাইরে নিয়ে যেতে দেখা যায়। এখানে ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পার্থ রায় বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।
খুলনা-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, আলিয়া মাদ্রাসায় জামায়াত নেতার ধাক্কায় বিএনপি নেতা কচি নিহত হয়েছেন। আমরা অধ্যক্ষ ও জামায়াত নেতা মাহাবুবের গ্রেপ্তারের দাবি জানাই।
খুলনা-২ আসনে জামায়তের প্রার্থীর প্রধান এজেন্ট শেখ জাহাঙ্গীর আলম বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এখানেও জামায়াতকে জড়ানো দুঃখজনক। অধ্যক্ষ জামায়াতের কেউ নন।
খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, আমি সবুরণনেসা কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি প্রবেশ করছিলাম। তখন দেখি কয়েকজন মহিলাদের বের করে দিচ্ছে। আমি সবাইকে যেতে বলি। কাউকে ধাক্কা দেইনি। এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ভোটকেন্দ্রে ধাক্কাধাক্কিার ঘটনা ঘটে বলে আমরা জানতে পেরেছি। এ সময় অসুস্থ হয়ে কচি নামে একজন মারা গেছেন। এ ব্যাপারে অভিযোগ আসলে আমরা তদন্ত করে দেখবো।
জয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী: তারেক রহমান
এয়োদশ সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়া শেষে সাংবাদিকদের কাছে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, মাত্র তো ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষটা না দেখে কেমন করে বলবো৷ আমি অবশ্যই, ইনশাআল্লাহ আশাবাদী। আমি দৃঢ়ভাবে আশাবাদী।
তিনি বলেন, প্রয়োগ করে এসেছি ভোটের অধিকার। বিগত একযুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে, দেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।
আরেক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, সারা বাংলাদেশের খবর আমি এখনো পাইনি। দবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি। যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আইনশৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সেসকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে। যা গতকাল ভোর পর্যন্ত আমরা টেলিভিশনে দেখেছি। ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন- ইনশাআল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব।
জয়ী হলে আইনশৃঙ্খলা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান
বিএনপি নির্বাচনে জয়লাভ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি সেটা কাম্য নয়। আইনশৃংঙ্খলা বাহিনী কঠোরভাবে সেসব ঘটনা দৃঢ়ভাবে দমন করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন তাহলে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ যেন নিরাপদবোধ করেন, সে লক্ষ্যে সরকার গঠনের প্রথম দিন থেকেই কাজ শুরু করা হবে।’
নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ‘দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের পেছনে ফেলে কোনো উন্নয়ন সম্ভব নয়। সরকার গঠনে সক্ষম হলে নারীর নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে একটি নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা সম্ভব হবে, যা দীর্ঘদিন ধরে দেশের মানুষের প্রত্যাশা।’
ভোট দিলেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান । বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে গুলশান-২ এর ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দেন তিনি। এদিন সকাল সাড়ে ৯ টার দিকে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন তিনি।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত- তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত।’ বৃহস্পতিবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
ওই পোস্টে তিনি বলেন, গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।
আজ আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয়ী প্রতিটি প্রার্থী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব আমি নেব।’
তিনি আরও বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত। আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।’
ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ
কক্সবাজারে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কক্সবাজার-১ আসনে এই কেন্দ্রে ভোট প্রধান করেন তিনি।
বড় ছেলে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন সালাহউদ্দিন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
বরিশালে দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি
বরিশালের উজিরপুর উপজেলায় দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার রাতে অনুমতি ছাড়া ভোটকেন্দ্রের বাইরে বের হওয়ার অভিযোগে তাদের এই অব্যাহতি দেয়া হয়। বুধবার রাত ১১ টার দিকে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। বরখাস্ত দুই প্রিসাইডিং অফিসার হচ্ছেন মো. ওবায়েদুল হক এবং আয়েশা আক্তার। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, কেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং অফিসারের অনুমতি না নিয়ে কেন্দ্র থেকে বের হওয়া যাবে না। তবে অব্যাহতি দেয়ার পর সেখানে নতুন দুই জন সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিলেন জামায়াত আমির
রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি: নাহিদ ইসলাম
ভোট প্রদান শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক বলেছেন, ‘আমার জীবনের প্রথম ভোট প্রদান করলাম। আপনারা দলে দলে নির্ভয়ে ভোট দিতে আসুন। আজ দেশের মালিকানা বুঝে নেয়ার দিন।’ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-১১ আসনে একেএম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি। ভোট যেন সুষ্ঠু হয় এজন্য ভোট কেন্দ্র পাহারা দিবো। ভোট সুষ্ঠু হলে জনগণের রায় মেনে নিবো। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’
ভোট দিলেন মির্জা ফখরুল ইসলাম
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পর মির্জা ফখরুল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ভোট দেন।
ভোটগ্রহণ চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এই ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
জুলাই গণঅভ্যুত্থানের পর আজ অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। একসঙ্গে হচ্ছে গণভোটও। জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নিতে এবার গণভোট হচ্ছে।
মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬,৪৮,২৫,৩৬১ জন, নারী ৬,২৮,৮৫,২০০, হিজড়া ১,২৩২। ২৯৯টি আসনে মোট প্রার্থী ২০২৮ জন। দলীয় প্রার্থী ১৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।
মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি। সাধারণ ভোটকেন্দ্র ২১,২৭৩টি; গুরুত্বপূর্ণ ২১,৫০৬টি।
অন্যদিকে প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে স্থগিত রয়েছে নির্বাচন। এবার নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল নির্বাচনে অংশ নিয়েছে।
তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি। ফলে দলটি এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না।

Rumel Husen
৪ মাস আগেজামায়াত ২০২ আসন পাবে।