ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, ঈদের পর বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাসা পর্যন্ত গহনা নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজনীয়তা বোধ করলে থানা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দেবে।
রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, ঈদের পর বিভিন্ন জায়গায় বিয়ে হচ্ছে। কেউ যদি মনে করে হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাসা পর্যন্ত গহনা নেয়ার ক্ষেত্রে নিরাপত্তা প্রয়োজন, তাহলে নিকটবর্তী থানায় জানালে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে।
থানায় স্বর্ণালঙ্কার রাখার প্রসঙ্গে ডিবিপ্রধান বলেন, এটা আমরা জানি না। আমরা জনগণকে আহ্বান জানিয়েছিলাম, ঈদের সময় থানায় স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিস রাখতে পারবেন। আবার ব্যাংকের ভোল্টেও রাখতে পারেন। আমরা টাকা বা কোনো মূল্যবান গহনা পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা দেবো।
ওসমান হাদির হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে দেশে ফেরানোর বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, এটি বহুবার বলেছি, মামলাটি এখন সিআইডির কাছে আছে। সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় আসামিদের ফেরানোর বিষয়ে যোগাযোগ করছে।
এই সময় নগরীর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর নেয়া পদক্ষেপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের কিছুসংখ্যক সদস্য ঈদের ছুটিতে গেছে। তারপরে নিরাপত্তার জন্য যেটুকু দরকার সেটুকু নিয়েছি। কমিশনার স্যার ঈদের তিনদিন আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শুরু করেছেন। আমরা কিন্তু সারাদিন নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছি। আমরা প্রত্যেকটা পয়েন্টে পরিদর্শন করে দেখেছি, আমাদের ফোর্স আছে কিনা। ঈদে খুব বড় ধরনের কোনো ঘটেনি, আমরা ভালোভাবে পার করেছি, বাকি দিনগুলো আমরা ভালোভাবে পারব আশা করি।
