বিভিন্ন জেলায় টাকাসহ জামায়াতের ১২ নেতা আটক

বিভিন্ন জেলায় টাকাসহ জামায়াতের ১২ নেতা আটক

ফন্ট সাইজ:

সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, জামালপুর, নায়ায়ণগঞ্জের সোনারগাঁ ও ঢাকার সূত্রাপুরে টাকাসহ জামায়াতের ১২ নেতাকে আটক করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেনার জন্য টাকা বিতরণের অভিযোগে জামায়াতের এসব নেতাকর্মীকে আটক করা হয়। এ ছাড়া নোয়াখালীতে হ্যান্ডবিল ও টাকা দেয়ার অভিযোগে জেরার মুখে পড়েন জামায়াত প্রার্থীর সমর্থকরা। সিরাজগঞ্জে টাকা বিতরণকালে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যান জামায়াতের এক নেতা। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে এসব তথ্য জানা গেছে।
এদিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। ওদিকে শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।


কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। বেলা ১১টার দিকে উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে আটক আমীর হাবিবুর রহমান হেলালী একটি প্রাইভেটকারযোগে ছালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামে প্রবেশ করে স্থানীয় ভোটারদের মাঝে গোপনে টাকা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে অবহিত করেন।
এদিকে সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীকে ৭১ হাজার টাকাসহ আটক করেন বিএনপি’র নেতাকর্মীরা। পরে তাদের প্রশাসন ছেড়ে দেয়। তবে জামায়াত নেতৃবৃন্দ বলছেন, কেন্দ্র খরচের জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। সেই টাকা বিএনপি’র লোকজন ছিনতাই করে নিয়েছে।
ওদিকে ঢাকা-৬ আসনে ভোট কেনার সময় সূত্রাপুরে থানা জামায়াতে নায়েবে আমীর মো. হাবিবকে আটক করে সাধারণ জনগণ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ড দেন।


এদিকে পটুয়াখালী-১ আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেয়ার সময় কামাল হোসেন নামে এক জামায়াত নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বিকালে উপজেলার মাধবখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটককৃত কামাল হোসেন ওই ইউনিয়নের জামায়াতের আমীর বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. কামাল হোসেন।
নারায়ণগঞ্জ-৩ আসনে সোনারগাঁ জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার পক্ষে ভোটারদের টাকা বিলির অভিযোগে দলটির একজন কর্মীকে পুলিশে দেয় বিএনপি’র লোকজন। জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণ করতে গিয়ে নগদ টাকাসহ তার ৩ কর্মী জনতার হাতে আটক হয়। পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেন তারা।


এদিকে চট্টগ্রামের চন্দনাইশে প্রার্থীর পক্ষে অবৈধভাবে টাকা বিতরণের সময় ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ৬ নং ওয়ার্ড আবদুল বারী হাটে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও রিকুইজিশন করা ১টি নোহা মাইক্রোবাসসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলো- মো. এনামুল হক, মো. এমরান ও গাড়ির চালক। আটকরা দাবি করে, ওই অর্থ স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মো. মিজানুল হকের (ফুটবল প্রতীক) পোলিং এজেন্টদের জন্য বহন করা হচ্ছিল।
এদিকে রাজধানীর পল্লবী এলাকায় ‘মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়’ ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের দায়ে জামায়াতের দাঁড়িপাল্লা মার্কার দুজন পোলিং এজেন্টকে ২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তাদেরকে এই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- মেহেদি হাসান খাদেম (৩২) ও রায়হান হোসেন (২৩)।
এদিকে লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় চেকপোস্টে কৃষক দল নেতা বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। পরে টাকা ও গাড়ি জব্দ করে রেখে কৃষক দল নেতাসহ তিনজনকে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে বিএনপি’র প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এক ভিডিওবার্তায় বলেছেন, টাকাগুলো বিভিন্ন কেন্দ্রের তার নির্বাচনী এজেন্টদের খরচের জন্য পাঠানো হয়েছিল।


পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে: জুবায়ের
এদিকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়া হবে। কোনো অবস্থায় আমরা মাঠ ছাড়বো না। এ জন্য সাংবাদিকদের সহযোগিতাও চান তিনি। জুবায়ের অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে তাদের দল ও নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। পুলিশ কিছু চিহ্নিত সাংবাদিককে নিয়ে ঘটনাটি প্রচার করে এবং ওই নেতাকে হেনস্তা করা হয়। সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, দলের এক জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতা ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার পর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে তাকে ঘিরে ‘নাটকীয় পরিস্থিতি’ তৈরি করা হয়। তার সঙ্গে ব্যাগে টাকা থাকার তথ্য দিয়ে তিনি বলেন, ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক প্রয়োজনে নগদ অর্থ বহন করা অপরাধ নয়।


ইসিতে অভিযোগ বিএনপি’র:
একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিলেন বিএনপি’র একটি প্রতিনিধিদল। বুধবার রাতে প্রতিনিধিদলটি ইসিতে যান। পরে বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে নির্বাচন কমিশন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিদলটি।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, অভিযোগের একটা হচ্ছে সৈয়দপুর এয়ারপোর্টে একজনের কাছে মোটা অঙ্কের টাকা পাওয়া গেছে। আমরা ন্যায়-অন্যায়ের বিচার করছি না। কিন্তু এটা যে সময়ে ঘটেছে, সেটি প্রশ্নবোধক হয়ে রয়ে যায়। নজরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জে টাকা বিতরণকালে জামায়াত নেতা আটক, সিরাজগঞ্জের ভোট কেনার সময় জনগণের হাতে জামায়াত নেতা আটক, বরগুনা-২ এ টাকা এবং অস্ত্রসহ ২ জন আটক, নোয়াখালীতে টাকা এবং হ্যান্ডবেল্টসহ আটক, ময়মনসিংহে সাবান-শ্যাম্পু বিতরণের সময় আটক, চট্টগ্রাম-৯ এ জামায়াত নেতা কর্তৃক চাল, ডাল, তেল বিতরণকালে আটক, রাজশাহীতে টাকা নিয়ে ভোট কিনতে আসা জামায়াত নেতা আটক, সিলেটে খেলাফত মজলিসের প্রার্থী মসলেহ উদ্দিনের পক্ষে অর্থ বিতরণকালে জামায়াত নেতা আটক, ফেনী-১ এ জামায়াত প্রার্থীর এক নারী ভোটারকে টাকা দেয়ার ভিডিও আটকসহ এরকম বেশ কিছু খবর এবং ভিডিও ইসিতে আমরা দিয়েছি।



Mohammed Mohib Ullah

৫ মাস আগে

বিএনপি আটক করে পুলিশের কাছে সোপর্দ করছে কি সুন্দর প্রশাসন, অথচ লক্ষিপরের এনি সহ কোন খবরই আসলনা, বুঝতে বাকি নেই কত নিরপেক্ষ মিডিয়া এবং প্রশাসন।

Lima

৫ মাস আগে

কিন্তু অন্যান্য সংবাদে সৈয়দ পুরের ঘটনা সঠিক নয় লিখছে।আর আপনারা কি লিখছেন? আমরা তাহলে পত্রিকা পড়া ছেড়ে ই দিব।

মন্তব্য করুন