নকলমুক্তের মতো কচুয়া থেকে চাঁদাবাজ মুক্ত শুরু করতে চাই: এহসানুল হক মিলন

নকলমুক্তের মতো কচুয়া থেকে চাঁদাবাজ মুক্ত শুরু করতে চাই: এহসানুল হক মিলন

ফন্ট সাইজ:

পরীক্ষায় নকল নির্মূলে কঠোর অবস্থান নিয়ে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, যেভাবে তিনি তার নির্বাচনী এলাকা কচুয়া থেকে শিক্ষা ব্যবস্থায় নকলমুক্ত করার লড়াই শুরু করেছিলেন, ঠিক একইভাবে দেশকে চাঁদাবাজমুক্ত করতেও তিনি আপসহীন অবস্থানে রয়েছেন। তার মতে, নকল ও চাঁদাবাজি—দুটিই রাষ্ট্রের মেধা, নৈতিকতা ও অর্থনীতিকে ধ্বংস করে দেয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ তার নির্বাচনী এলাকা চাঁদপুর-০১, কচুয়া আসনে বিএনপির প্রার্থী ড. মিলন দৈনিক মানবজমিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেছেন, চাঁদাবাজি কেবল এখন শুধু সমস্যা নয়, এটি রাষ্ট্রীয় শাসনব্যবস্থার নৈতিক সংকটের বহিঃপ্রকাশ। শিক্ষা, রাজনীতি ও প্রশাসনে নৈতিকতা প্রতিষ্ঠা না হলে সমাজ থেকে চাঁদাবাজি নির্মূল সম্ভব নয়।

ড. মিলন বলেন, শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেখেছেন, রাজনৈতিক আশ্রয় ও প্রভাব থাকলেই নকলের মতো অপরাধ ফুলে-ফেঁপে ওঠে। একই বাস্তবতা চাঁদাবাজির ক্ষেত্রেও প্রযোজ্য। তাই তিনি বিশ্বাস করেন, ব্যক্তির পরিবর্তনের চেয়ে প্রতিষ্ঠানের সংস্কার বেশি জরুরি। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সরকার ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক না করা গেলে চাঁদাবাজি বন্ধ হবে না।

তিনি আরও বলেছেন, বিএনপির রাজনীতির মূল দর্শন হলো—অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্বনির্ভরতা। এই দর্শনের আলোকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বারবার চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা। ড. মিলন নির্বাচিত হলে তিনি তার নিজ এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজী কিংবা অবৈধ অর্থ আদায়ের সুযোগ দেবেন না বলেও দৃঢ় অঙ্গীকার করেছেন।

তরুণ সমাজের প্রসঙ্গ টেনে ড. মিলন বলেছেন, মাদক ও চাঁদাবাজি একে ওপরের সাথে জড়িত এবং এগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে তরুণ কর্মসংস্থানকে। একটি দোকান, একটি ছোট ব্যবসা বা একটি শিল্পপ্রতিষ্ঠান যদি চাঁদার চাপে টিকে থাকতে না পারে, তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে কীভাবে—এই প্রশ্ন তুলে তিনি বলেন, চাঁদাবাজমুক্ত পরিবেশ ছাড়া বিনিয়োগ ও উন্নয়ন কেবল কাগুজে কথাই থেকে যাবে।

নকলমুক্ত শিক্ষা যেমন একটি মেধাভিত্তিক জাতি গঠনের পূর্বশর্ত, তেমনি চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের ভিত্তি। এই দুই সংগ্রামকে তিনি আলাদা করে দেখেন না। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে কচুয়া থেকে আমি নকলমুক্তের মতোই চাঁদাবাজ ও মাদকমুক্ত বাংলাদেশ শুরু করতে চাই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন