আজও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ, ফাঁকা ঢাকা-আরিচা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক

ঈদযাত্রা

আজও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ, ফাঁকা ঢাকা-আরিচা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক

ফন্ট সাইজ:

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ। আজও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদের ছুটিতে টানা কয়েকদিন ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ লক্ষ করা গেছে। তবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই এসব সড়কে যানবাহনের চাপ কমে গেছে। আজ শুক্রবার সকাল থেকেই এসব মহাসড়ক ফাঁকা। স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন মানুষ।

ফাঁকা মহাসড়কে হঠাৎ দেখা মিলছে দুরপাল্লার বাসও। গণপরিবহনগুলো রিজার্ভ যাত্রী নিয়ে বিভিন্ন জেলার উদ্দেশে রওনা হচ্ছে। অন্যদিকে ফাঁকা মহাসড়কে বাসের জন্য অপেক্ষা করছেন স্বল্প দূরত্বের যাত্রীরা। সড়কে বেশকিছু লোকাল বাসের উপস্থিতি দেখা গেছে। তবে সেগুলো লোকাল যাত্রী না নেয়ায় দুর্ভোগে পড়েছেন এসব যাত্রীরা।

এদিন সরজমিনে সাভারের হেমায়েতপুর, রেডিও কলোনি, সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর, বাইপাল, জামগড়াসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে দেখা যায়, কোথাও কোনো যানজট নেই। মহাসড়কগুলোতে নেই গাড়ির অতিরিক্ত চাপ।

চিরচেনা শিল্পাঞ্চলের ব্যস্ত মহাসড়কগুলো এখন পুরোপুরি শান্ত ও ফাঁকা। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিছু গণপরিবহন দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও যাত্রীর সংখ্যা ছিল সীমিত। আবার কিছু পয়েন্টে যাত্রী দেখা গেলেও গণপরিবহনের উপস্থিতি দেখা মেলেনি।

সাভারের নবীনগর এলাকায় কয়েকটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে আছে। তবে যাত্রী সংকটের কারণে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে না। যেসব মানুষ নানা কারণে নানা ব্যস্ততায় ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি যেতে পারেননি তারা আজ রাজধানী ছাড়ছেন, যার সংখ্যা খুবই সীমিত।

রংপুরগামী যাত্রী শফিকুল ইসলাম জানান, পরিবারের অন্য সদস্যদের তিনদিন আগেই গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ব্যক্তিগত প্রয়োজনে তিনি যেতে না পারায় আজ রংপুর যাওয়ার জন্য রওনা হয়েছেন। যানজট না থাকায় খুব তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

কাউন্টার মাস্টার রবিউল ইসলাম বলেন, ‘গত কয়েক দিনে যাত্রীদের অনেক চাপ থাকলেও আজ অনেকটা ফাঁকা। গণপরিবহন থাকলেও যাত্রীসংখ্যা খুবই সীমিত।’

সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাজাহান জানান, সাভার-আশুলিয়ার মহাসড়কে যানবাহনের তেমন চাপ নেই। বাসস্ট্যান্ডগুলোতে যাত্রী থাকলেও দূরপাল্লার যানবাহন তুলনামূলক কম। পুরো সড়কে কোথাও কোনো যানজট নেই। অল্প পরিমাণে যাত্রী রয়েছে। মানুষ স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে পারছেন। যাত্রীদের কথা মাথায় রেখে আমরা সর্বদা টহলে রয়েছি।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন