ঠিকানা গোপালগঞ্জ

১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং বন্ধ

ফন্ট সাইজ:

সন্দেহজনক লেনদেনের অভিযোগে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস হিসাব বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ’র নির্দেশনায় এসব হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। গতকাল এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, সন্দেহজনক লেনদেনের অভিযোগে ওই অ্যাকাউন্টগুলো আপাতত বন্ধ করা হয়েছে। যেসব অ্যাকাউন্টের বেশির ভাগ বা অধিকাংশই গোপালগঞ্জ জেলার ঠিকানায় খোলা। বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাহকের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। ফলে ব্যবসায়ীরা ঝামেলায় পড়েছেন। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এছাড়াও যাদের জাতীয় পরিচয়পত্রে ঠিকানা গোপালগঞ্জ রয়েছে তাদেরও মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গোপালগঞ্জে অনেকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আবার অ্যাকাউন্ট সচল থাকলেও অর্থ লেনদেন করতে পারছেন না অনেকে। গত সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-সহিংসতায় গোপালগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এর জেরে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়। পরীক্ষা নেয়ার অনুকূল পরিবেশ না থাকায় গোপালগঞ্জে ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। জেলার পাঁচটি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর করে পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।