বেড়া থানায় ককটেল বিস্ফোরণ, আগুন,  টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ

বেড়া থানায় ককটেল বিস্ফোরণ, আগুন, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ

ফন্ট সাইজ:

পাবনার বেড়া মডেল থানায় ভোরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 
সমর্থকরা। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল ও ফালা-বল্লম নিক্ষেপের পাশাপাশি একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয় এবং একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। রোববার ভোর চারটার দিকে থানাসংলগ্ন শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি এ হামলা চালায়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১২টি কাঁদানে গ্যাসের শেল ও ১২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার আশঙ্কায় পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত ব্যবস্থা নেয়ায় হামলাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়েছে। হামলার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকেও ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেয়া হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে শম্ভুপুর মহল্লার একদল নারী থানার প্রধান ফটকে এসে বিক্ষোভ করেন। ১৯শে নভেম্বর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাঁচজনের মুক্তির দাবিতে তারা স্লোগান দেন। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।

এর প্রায় ছয় ঘণ্টা পর ভোর চারটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি থানার দিকে এগিয়ে যায়। তারা ইটপাটকেল ও ফালা-বল্লম নিক্ষেপের পাশাপাশি কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে এ হামলা চলে। এ সময় থানার সামনে থাকা পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয় এবং বেড়া-ঢাকাগামী আলহামরা পরিবহনের একটি বাসে ভাঙচুর চালানো হয়।

এর আগে গত ১৯ থেকে ২১শে নভেম্বর বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে টানা তিনদিন ধরে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। ১৯শে নভেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে থানার সামনে অবস্থান করে। তারা স্লোগান দেয়ার পাশাপাশি থানার বন্ধ ফটকে আঘাত করে। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই দিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতেও আগুন দেয়ার ঘটনা ঘটে।
এদিকে সোমবার ভোরে থানায় হামলার খবর ছড়িয়ে পড়লে বেড়া পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ডাকবাংলো ঘাট এলাকায় এসে অবস্থান নেন।