ঢাকা থেকে দক্ষিণের জেলাগুলোর সংযোগ পদ্মা সেতু হয়ে কার্যত বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস চলাচল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ ঘিরে গোপালগঞ্জসহ আশপাশের জেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে নিরাপত্তার কারণ দেখিয়ে এই রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার বাস চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েছেন এসব জেলার সাধারণ বাসিন্দারা। পুলিশ, পরিবহন শ্রমিক ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৬টা থেকে মাদারীপুরের টেকেরহাট এলাকায় অবরোধ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড, সাড়ে ১১টার দিকে মুকসুদপুর চন্ডীবর্দী ও কলেজ মোড় অবরোধ করে লকডাউন সমর্থকরা। এতে ঢাকা থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ হয়ে বরিশাল ও খুলনা অঞ্চলের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে, বিকাল ৩টার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট পর্যন্ত চলাচল স্বাভাবিক হলেও টেকেরহাট থেকে বরিশাল, গোপালগঞ্জ অংশে বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া ঢাকা-খুলনা-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর অংশে সন্ধ্যার আগেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ভাঙ্গা থেকে ফরিদপুর হয়ে কুষ্টিয়াসহ কয়েকটি জেলায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কের যানবাহন চলাচল ও মানুষের জানমালের নিরাপত্তায় বিজিবি, এসআরবি, ডিবি, ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানসহ এক হাজার পুলিশ সদস্য মাঠে কাজ করেন।
গতকাল সকালে লকডাউনের প্রতিবাদে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ-মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ওদিকে শনিবার বিকাল থেকে পদ্মা সেতু হয়ে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছেন খুলনার মালিকপক্ষ। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের চাপ সামলাতে যশোর-মাগুরা-আরিচা রুটে নন-এসি বাস চলাচল করছে। টার্মিনাল থেকে বখতিয়ার, বনফুল, গ্রামীণ ও রয়েল পরিবহনের বাস ছেড়ে যেতে দেখা গেছে। এসব বাসে জনপ্রতি ভাড়া নেয়া হচ্ছে এক হাজার টাকা।
পরিবহন শ্রমিকরা জানান, পদ্মা সেতুর রুটে বাস বন্ধ থাকায় বিকল্প পথে ঢাকা যেতে সময় লাগছে বেশি। সড়কপথের পাশাপাশি ভোগান্তি বেড়েছে রেলপথেও। নিরাপত্তার কারণে দ্রুতগতির ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটিও এখন বিকল্প রুটে চলাচল করছে। আগে পদ্মা সেতু হয়ে খুলনা থেকে এই ট্রেন ঢাকায় পৌঁছাতে সময় লাগতো মাত্র সাড়ে তিন ঘণ্টা। এখন যশোর-দর্শনা-পোড়াদহ হয়ে বিকল্প রুটে ঢাকায় পৌঁছাতে সময় লাগছে সাত ঘণ্টারও বেশি। খুলনা মোটর-বাস মালিক সমিতির সভাপতি আবদুল গফফার বিশ্বাস জানিয়েছেন, ‘গোপালগঞ্জের সড়কে কোনো নিরাপত্তা নেই। কোটি টাকা দামের বিলাসবহুল এসি বাস রাস্তায় নামিয়ে কেউ ঝুঁকি নিতে চায় না। প্রশাসনের পক্ষ থেকে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা না পেলে এই রুটে বাস চালানো সম্ভব নয়।’
