বিজয়ের মাসের প্রথম দিন সোহ্রাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করবে বিএনপি। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্থান পরিবর্তনের কথা জানান। রিজভী বলেন, আমরা সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের নাম ঘোষণা করেছিলাম। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের বিন্যাস ও উন্নয়নকাজ চলায় সেখানে সমাবেশ করা সম্ভব হচ্ছে না। এ কারণে সমাবেশের স্থান পরিবর্তন করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজন করা হচ্ছে। সমাবেশে মঞ্চ তৈরি হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে। মঞ্চ থাকবে পশ্চিমমুখী অর্থাৎ বিজয়নগরের দিকে।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপি’র ঘোষিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এটি। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। বেলা ২টায় এই সমাবেশের কার্যক্রম শুরু হবে।
এক প্রশ্নের জবাবে রিজভী জানান, দলীয় নেতাকর্মীসহ ঢাকাবাসীকে এই সমাবেশে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।
নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, কীসের লকডাউন? দেশে সবকিছু স্বাভাবিক আছে। কোনো বেআইনি সংগঠন কিছু বললো, আর সেটা নিয়ে প্রশ্ন করাটা দুঃখজনক। কোনো লকডাউন নেই। সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কোনো সন্ত্রাসী সংগঠনের কর্মসূচিকে বিএনপি রাজনৈতিক কর্মসূচি বলে মনে করে না।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পরাজিত শক্তি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার এসব পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করার চেষ্টা করছে।
