শেষ ষোলোর ফিরতি লেগে বিরতির পর যেন অন্য গ্রহের বার্সেলোনার আবির্ভাব হলো। প্রথমার্ধে দারুণ লড়াই করেও ৩-২ গোলে পিছিয়ে থাকে নিউক্যাসেল ইউনাইটেড। তবে ম্যাচ যখন শেষ হলো তখন কাতালানদের স্কোরলাইনে ৭-২! দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বার্সা। আজ হান্সি ফ্লিকের একাদশের গড় বয়স ছিলো মাত্র ২৫ বছর ১২ দিন। চ্যাম্পিয়নস লীগের নকআউট পর্বে ব্লুগ্রানাদের ইতিহাসের সর্বকনিষ্ঠ একাদশ এটিই!
ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকেই গতির লড়াইয়ে মাতে দুদলই। ষষ্ঠ মিনিটের মাথায় ফেরমিন লোপেজের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে নিখুঁত শটে জাল খুঁজে নেন রাফিনহা। তবে অ্যান্থনি এলেঙ্গার গোলে দ্রুতই সমতায় ফেরে নিউক্যাসেল। অষ্টাদশ মিনিটে রাফিনহার ফ্রি-কিক থেকে জেরার্ড মার্টিনের হেড হয়ে বল পান মার্ক বার্নাল। সেখান থেকে বার্সাকে এগিয়ে নেন তিনি। এরপর আরেকবার এলেঙ্গার ফিনিশিংয়ে স্তব্ধ হয়ে ক্যাম্প ন্যু। প্রথমার্ধের যোগ করা সময়ে বার্সাকে পেনাল্টি জেতান রাফিনহা। লামিন ইয়ামালের সফল স্পটকিকে ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। এই গোলে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অন্তত ১০ গোলের রেকর্ড নিজের করে নেন ইয়ামাল।
তবে মাঠে ফিরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বার্সাকে। ৫১তম মিনিটে রাফিনহার চোখধাঁধানো পাস থেকে ব্যবধান বাড়ান লোপেজ। এরপরই শুরু হয় রবার্ট লেভানদোভস্কি ম্যাজিক। ৫৬তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দারুণ হেডে জাল খুঁজে নেন এ পোলিশ স্ট্রাইকার। মিনিট পাঁচেকের মধ্যে আবারও লক্ষ্যভেদ করেন তিনি। এই গোলে ফিলিপ্পো ইনজাঘিকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লীগে বয়োজ্যেষ্ঠ হিসেবে জোড়া গোল করার রেকর্ড গড়েন লেভা। এমনকি লিওনেল মেসির (৪০) রেকর্ড ভেঙে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ৪১ দলের বিপক্ষে গোলের রেকর্ডও গড়েন তিনি।
ম্যাচের ৭২তম মিনিটে ইংলিশ ক্লাবটির মিডফিল্ডার জ্যাকব রামসে ভুল পাসে বল তুলে দেন রাফিনহার পায়ে। সেই সুযোগে নিজের দ্বিতীয় এবং দলের সপ্তম গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কোয়ার্টারে ঘরোয়া লীগের প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সা।
অন্য ম্যাচে, ঘরের মাঠে ফের আতালান্তাকে বিধ্বস্ত করে বায়ার্ন মিউনিখ। আলিয়েঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে বাভারিয়ানদের জয় ৪-১ গোলে। আজ জোড়া গোল করেন প্রথম লেগে না খেলা হ্যারি কেইন। দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানে শেষ আট নিশ্চিত করে জার্মান জায়ান্টরা। কোয়ার্টারে বায়ার্ন মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের।
নিজেদের ম্যাচে ফিরতি লেগে দুর্দান্ত প্রত্যাবর্তন করে লিভারপুল। গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ঘরের মাঠে অলরেডদের জয় ৪-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে পরের পর্বে গেল আর্নে স্লটের দল। প্রথমার্ধের যোগ করা সময়ে মিস করা পেনাল্টি পরে পুষিয়ে দেন মোহাম্মদ সালাহ। সেটি ছিল চ্যাম্পিয়নস লীগে এ মিশরীয় তারকার করা ৫০তম গোল। আফ্রিকার প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় গোলের অর্ধশতক পূরণ করলেন তিনি। কোয়ার্টারে লিভারপুলের প্রতিপক্ষ প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
অন্য ম্যাচে, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলের জয় যথেষ্ট হয়নি টটেনহ্যাম হটস্পারের। দুই লেগ মিলিয়ে ৭-৫ গোলের জয়ে শেষ আট নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টরা। ঘরের মাঠে স্পার্সের হয়ে জোড়া গোল করেন জাভি সিমন্স।
ইতিহাস গড়া দল নিয়ে নিউক্যাসেলকে ৭ গোলে পিষ্ট করলো বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
খেলা
২ মাস আগে
১৯ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৮ঃ১৬ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
