অস্ট্রেলিয়া মিশন শেষ বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দলের। ওশেনিয়া অঞ্চলের দেশটিতে গিয়ে পিটার জেমস বাটলার বাহিনী না পেয়েছে কোনো পয়েন্টের দেখা, না পেরেছে কোনো গোল দিতে। এবার নারী ফুটবলে পরবর্তী লক্ষ্য এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। যা ১-১৮ই এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লক্ষ্য এখন এই এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের চূড়ান্ত পর্বে ভালো করা। জাতীয় দলের মতো অনূর্ধ্ব-২০ দলও এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে। এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে চীন , ভিয়েতনাম এবং স্বাগতিক থাইল্যান্ডকে। টুর্নামেন্টের ফরমেট অনুযায়ী তিন গ্রুপের তিন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং দুই সেরা তৃতীয় হওয়া দল কোয়ালিফাই করবে নক আউট পর্বে। গ্রুপে চীন সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। তবে ধরাছোঁয়ার মধ্যে থাইল্যান্ড ও ভিয়েতনাম। অতীতে উভয়কেই হারিয়েছিল বাংলাদেশ। এবার এই দুই দলকে হারাতে পারলেই গ্রুপ রানার্সআপ হওয়ার সুযোগ। আসরে ১লা এপ্রিল বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে। এর পর ৪ঠা এপ্রিল চীন ও ৭ই এপ্রিল ভিয়েতনামের মুখোমুখি হবে। আর এই টুর্নামেন্টে মাঠে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে এই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে ২১শে মার্চ। তারপর সেখানে গিয়ে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ও জর্ডানের বিপক্ষে।
বিষয়টি নিশ্চিত করে বাফুফে’র নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা সিনিয়র দলকে অস্ট্রেলিয়া পাঠানোর আগে সেভাবে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করতে পারেনি। তবে অনুর্ধ্ব-২০ দল মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। যা চূড়ান্ত পর্বে মেয়েদের আত্মবিশ্বাস যোগাবে।’ নারী অনূর্ধ্ব-১৬ দল দুই দফা চূড়ান্ত পর্বে খেললেও অনূর্ধ্ব-২০ এই প্রথম এএফসি’র আসরে চূড়ান্ত পর্ব খেলতে যাচ্ছে। এবারের অনূর্ধ্ব-২০ নারী দলের বড় শক্তি সিনিয়র জাতীয় দলের ১১ ফুটবলার। তারা অস্ট্রেলিয়া থেকে ফিরেই অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে উঠেছেন। এরা হলেন গোলরক্ষক মিলি আক্তার, স্বর্ণা রানী মণ্ডল, ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রীতি, নবীরন খাতুন, সৌরভী আক্তার আফরিন, মিডফিল্ডার মুনকি আক্তার, স্বপ্না রানী, উমেহেলা মারমা, স্ট্রাইকার সৌরভী আকন্দ প্রীতি, মোসাম্মদ সাগরিকা ও আলপি আক্তার। এদের মধ্যে অস্ট্রেলিয়ায় ম্যাচ খেলেছেন মিলি, আফঈদা, স্বপ্না রানী, উমেহেলা ও প্রীতি। এই দল নিয়ে বেশ আশাবাদি বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলার। অস্ট্রেলিয়ায় সুবিধা করতে না পারলেও এখানে ভালো করা সম্ভব জানিয়ে কোচ বাটলার বলেন, ‘আমি অনেক দিন এই মেয়েদের দেখছি। তাদের প্রতিভা আছে। অস্ট্রেলিয়াতেও অনেকে খেলেছে। তারা ভালো করেছে। আশা করছি তারা এখানেও ভালো করবে।’ অস্ট্রেলিয়ার পার্থে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হারের পর দায়িত্ব ছেড়ে দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন বাটলার। তার সেই সিদ্ধান্ত এখনো ঠিক আছে জানিয়ে বলেন, ‘আমি বলিনি এখনই ছেড়ে দেবো। কারণ আমার একটি দায়িত্ব এখনো চলমান আছে। এটা শেষ হলে আমি ইংল্যান্ড ফিরে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবো।’
