যে কান্নার ভাষা নেই

কারাগারে শেষ বারের মতো ছেলের মুখ দেখলেন মা, সময় পান ৫ মিনিট

যে কান্নার ভাষা নেই

ফন্ট সাইজ:

‘আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া দেখার কেউ নেই। আমাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। আমি অপরাধী হলে বাসায় থাকতাম না।’ ‘আমার মা পুরোপুরি নিরপরাধ। সংবিধান বলে যদি কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।’ আকুতিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শুক্রবার মধ্যরাত থেকেই। প্রথম আকুতি একজন মায়ের। যিনি তার প্রতিবন্ধী (বিশেষ চাহিদাসম্পন্ন) সন্তানের পাশে থাকতে আকুতি জানিয়েছেন আদালতের কাছে। আর পরের লাইন দু’টি একজন বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের যে তার মায়ের মুক্তি চেয়ে দেশবাসীর কাছে আর্জি রেখেছে। এই মা আর সন্তানের আকুতি কেবল বাতাসে ভেসেছে। কিন্তু জাগেনি কারও বিবেক। মা কারাগারে যাওয়ার ৫৫ দিনের মাথায় না ফেরার দেশে ১৫ বছর বয়সী নিসর্গ হোসেন তূর্য। সন্তানের মৃত্যুতেও কারাগারের বাইরে আসার সুযোগ হয়নি শারমিন সুলতানার। কারাফটকেই সন্তানের নিথর মুখ দেখতে হয়েছে তাকে। সন্তানের নিথর দেহ জড়িয়ে ধরে শারমিন কান্না করছিলেন আর বলছিলেন, ‘আমাকে ছাড়া তূর্যকে কয়েকটা দিন ধরে রাখতে পারলে না’।

শারমিনের এই আকুতির কথা জানিয়ে তার স্বজনরা বলেছেন, তূর্যের এই মৃত্যু আর পরিবারটি এই কষ্টের পরিস্থিতি বহু মানুষকে কাঁদিয়েছে। যে কান্নার কোনো ভাষা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। গেল ৩রা অক্টোবর রাতে লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার করা হয় যুব মহিলা লীগের সাবেক নেত্রী শারমিন সুলতানাকে। এর ঠিক ৫৫ দিনের মাথায় শুক্রবার রাত ১০টার পর মারা যায় শারমিনের অসুস্থ সন্তান তূর্য। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাথরুমে যাওয়ার অনেক সময় পরও তার না বের হওয়ায় দরজা ভেঙে তূর্যকে নিথর অবস্থায় পাওয়া যায়। পরে গতকাল দুপুরে তূর্যের লাশ দেখাতে নিয়ে যাওয়া হয় কাশিমপুর কারাগারে। সেখানে সন্তানের লাশ দেখে ভেঙে পড়েন শারমিন। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, কারাগারে মরদেহ নেয়ার পর তূর্যের মাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় দেয়া হয়েছে দেখার জন্য। তিনি বলেন, সে সময় তূর্যের মরদেহ জড়িয়ে ধরে কান্না করছিল তার মা। আর আক্ষেপ করে বলছিল, আমাকে ছাড়া তোমরা কয়েকটা দিন তূর্যকে ধরে রাখতে পারলে না।’

ওদিকে সন্তানের মৃত্যুর পর শারমিনকে প্যারোলে মুক্তি না দেয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারোলের জন্য আবেদন করতে তাদের নিরুৎসাহিত করা হয়েছে। এই সময়ে কারাবন্দিকে বাইরে নেয়া নিরাপদ নয় এমনটা জানানো হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানিয়েছেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন তার কাছে যায়নি।
কারাবন্দি শারমিন সুলতানা রাজধানীর লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুর স্ত্রী। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে। বড় ছেলে তূর্য বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) কিশোর ছিল। জন্ম থেকেই জটিল শারীরিক অসুস্থতায় ভুগছিল সে। তার নিয়মিত ওষুধ চলছিল। একটি অপারেশন করা হয় তার। আরেকটি অপারেশনের প্রয়োজন ছিল। এরই মধ্যে তার মা শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর যেন নেমে আসে অন্ধকার। থমকে যায় স্বাভাবিক জীবন।

মায়ের গ্রেপ্তারের পর তূর্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এসব ভিডিওতে তূর্যকে বলতে শোনা যায়, ‘আমি এখন স্কুলে যাবো কি করে? পড়াশোনা করবো কি করে? আমাদের বাড়িতে খাবার-দাবার রান্না করবে কে? আমাকে ওষুধপত্র খাওয়াবে কে? আমার আরও একটা অপারেশন বাকি আছে। সেটা হবে কি করে?’ আরও বলতে শোনা যায়, ‘আমার মা পুরোপুরি নিরপরাধ। সংবিধান বলে কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।’

শাহাদাত হোসেন নিপুন মানবজমিনকে বলেন, তূর্য জন্ম থেকেই প্রতিবন্ধী। জন্মের পর থেকেই সে মায়ের হাতে খাওয়া-দাওয়াসহ সবকিছু করতো। শারমিনকে গ্রেপ্তারের পর তূর্য মানসিকভাবে ভেঙে পড়ে। তাকে সঠিক পরিচর্যা করার মতো কেউ ছিল না। তিনি জানান, আটকের আগ পর্যন্ত তার স্ত্রীর নামে কোনো মামলা ছিল না। স্ত্রীকে যড়যন্ত্র করে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে।

কারাগার থেকে বের হয়ে শারমিনের ছোট বোন শাম্মী বলেন, আমরা প্যারোলের মুক্তি কথা বলেছিলাম। কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের বাধ্যবাধকতার কথা বলেছে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা অবনতি হওয়ার কারণে এবং তাদের নিরাপত্তার রক্ষার্থে তারা দেয়নি। তারা নিরাপত্তা দিতে পারবে না। তিনি বলেন, আমার বোন তার অসুস্থ সন্তানকে কখনো পাঁচ মিনিটের জন্যও দূরে রাখেননি। সেই মা’কে আজ কারাগারে একা থাকতে হচ্ছে। মৃত্যুর আগে তূর্য মায়ের কাছে যেতে চেয়েছিল। ছেলেটির ২৪ ঘণ্টাই চিকিৎসা ও পরিচর্যার প্রয়োজন হতো। সন্তানের অসুস্থতার কারণে আমার বোন রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন। তার আরও একটি ছোট সন্তান রয়েছে। অথচ, তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। আমি এই সরকারের কাছে আবেদন জানাই, আমার বোনকে মুক্তি দিন। শাম্মী বলেন, আমার বোন ২০২২ সাল থেকে রাজনীতি করে না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। এই রাষ্ট্র আমার বোনকে জামিন দিলো না। আমার বোনের সেবা ও দেখাশুনার অভাবে তার ছেলেটা মারা গেল। মাত্র ৫ মিনিট সময় দিলো তার ছেলেকে শেষবার দেখার জন্য।

শারমিনের মা কোহিনুর বেগম বলেন, আমার মেয়ে কোনো অপরাধ করেনি। আমার মেয়েকে মব করে বাসা থেকে ধরে নিয়ে যায়। ছোট বাচ্চাটা মায়ের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। ছেলেটা কাঁদতে কাঁদতে বলে মায়ের কাছে যাবো। শেষ পর্যন্ত ওয়াশরুমে গিয়ে স্ট্রোক করে মারা যায় সে। এখন মা’কে দেখতে আসলো কারাগারে লাশ হয়ে।
গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম মানবজমিনকে বলেন, মা’কে শেষবারের মতো ছেলের মরদেহ দেখানোর আবেদন করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো আমরা বাচ্চাটিকে দেখানোর অনুমতি দিই। বন্দি শারমিনের ছেলের মরদেহ সকাল সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে কারাগারে নিয়ে আসে স্বজনরা। আমরা বিধি মোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করি। পরে কারা নিয়ম মেনে লাশ দেখার সুযোগ দেয়া হয়। এর বাইরে আমার কিছু জানা নেই।
উল্লেখ্য, শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।