প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকবে। কিন্তু সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়ে দাঁড়ায়, সেই বিষয়ে সতর্ক এবং সচেতন থাকার আহ্বান জানাই। শনিবার ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর মিরপুরের শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই সম্মেলনে তারেক রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অধ্যক্ষবৃন্দের উদ্দেশ্যে বলেন, অধ্যক্ষ শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন। আপনি আপনার প্রতিষ্ঠানের নেতা এবং নৈতিক দিকদর্শী। আপনারা একাডেমিক নেতৃত্বের কেন্দ্র।
তিনি বলেন, শহর কিংবা গ্রাম, সবার জন্য উচ্চ শিক্ষার সুযোগ তৈরি করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১শে অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎ কলেজের সংখ্যা অনেক বেড়েছে। বেড়েছে উচ্চ শিক্ষার সুযোগ। শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। কলেজ এবং শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতোটা বেড়েছে এটি এখনো প্রশ্নের ঊর্ধ্বে নয়। ফ্যাসিবাদের সময়কালে অন্য সবকিছুর মতো দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেয়া হয়েছিল। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার সবাই মিলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক এবং সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সরকার পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের সকল উদ্যোগ গ্রহণ করেছে। তবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বাস্তবায়নের নেতৃত্ব কিন্তু আপনাদেরই পালন করতে হবে।
‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক এবং শিক্ষার্থীরা নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে প্রতি বছর সার্টিফিকেট নির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে কিন্তু বেকারত্ব কমবে না। পৃথিবীর অর্ধেক সংখ্যক মানুষ এখনো তৃতীয় শিল্প বিপ্লবের সুবিধা ভোগ করতে না পারলেও বিশ্ব ইতিমধ্যেই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। সুতরাং, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা পদ্ধতি থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
সরকার প্রধান বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি এমনকি পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তিসহ এ ধরনের নিত্যনতুন প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগৎকে আমূল বদলে দিচ্ছে। পুরনো পেশার বিলুপ্তি ঘটিয়ে মানুষের বেকারত্বের অন্যতম কারণ হয়ে উঠছে, অপরদিকে চাকরির নিত্যনতুন ক্ষেত্রও তৈরি করছে। শিক্ষা মানুষকে শক্তি দেয়, আর সুনির্দিষ্ট লক্ষ্য সেই শক্তিকে সাফল্যে রূপান্তরিত করে। লক্ষ্যহীন শিক্ষা দিকহীন যাত্রার মতো, আর সুনির্দিষ্ট লক্ষ্যনির্ভর শিক্ষা সফল ভবিষ্যৎ নির্মাণের কার্যকর পথনির্দেশক। তাই অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করার মধ্যেই সাফল্য নিহিত। এ কারণেই শিক্ষার শক্তিকে কর্ম দক্ষতায় রূপান্তরের জন্যই ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন অনিবার্য। আধুনিক প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের মানবিক শিক্ষার সমন্বয় ঘটানোর বিকল্প নেই। আমাদের অবশ্যই নৈতিক মানসম্পন্ন কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। তবে আমাদের এটিও মনে রাখা জরুরি, শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ রাখার মধ্যেই চূড়ান্ত সাফল্য নয়। বরং সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মধ্যদিয়ে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে।
তারেক রহমান বলেন, আমাদের অবশ্যই একাধিক ভাষা শিক্ষার ওপর জোর দিতে হবে। এজন্য কলেজগুলোতে শিক্ষার্থীদের জন্য, বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি এবং সম্ভাবনার আরও দ্বার উন্মুক্ত করতে অ্যারাবিক, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফ্রেঞ্চ, জার্মান, ইতালীয় কিংবা অন্যান্য যেকোনো আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন ভাষা শেখার সুযোগ সৃষ্টি করাও জরুরি। একইসঙ্গে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা সৃষ্টির সুযোগ আরও বাড়ানোর আহ্বান জানাই।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এনটিআরসি’র বদলি ও নিয়োগের সমস্যার সমাধান করা হবে। শিক্ষকদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবো। কিন্তু আপনারা ক্লাস বাদ দিয়ে রাজপথে আসবেন না। প্রধানমন্ত্রী বলেছিলেন যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তার সঙ্গে একমত হয়ে বলছি, প্রধানমন্ত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এই শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার জন্য আমরা প্রতিটি মুহূর্তে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেয়া হয়েছে। জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয়েছিল। মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে কোনো সুষম বণ্টন ছিল না। অনেক কলেজে অনার্স কোর্স খোলা হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। এখন আমাদের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। বর্তমান সরকার এখন আর কেবল অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্ব জুড়ে দক্ষ পাইলট ও এভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও জনবল তৈরির নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষাবিষয়ক ইশতেহার ও পরিকল্পনা বাস্তবায়নের আলোচনায় এ প্রতিষ্ঠানের সংস্কারের মাধ্যমেই দেশের ভাগ্য পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই স্মৃতিচারণ করে মাহদী আমিন আরও বলেন, আমার মনে আছে প্রধানমন্ত্রীর শিক্ষা পরিকল্পনা ও ম্যানিফেস্টো বাস্তবায়ন নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম, তখন তিনি বলেছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে, আমরা যদি এ বিশ্ববিদ্যালয়টিকে পরিবর্তন করতে পারি এবং প্রয়োজনীয় সংস্কার আনতে পারি, তাহলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। প্রধানমন্ত্রীর সেই আকাঙ্ক্ষা নিয়েই বর্তমান সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। এ ছাড়াও উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩শ’র অধিক অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
