ধানমণ্ডিতে মোরগ পোলাও খাইয়ে দুই হাজার ভরি স্বর্ণ লুট

ধানমণ্ডিতে মোরগ পোলাও খাইয়ে দুই হাজার ভরি স্বর্ণ লুট

ফন্ট সাইজ:

রাজধানীর ধানমণ্ডিতে একটি শপিংমলে গয়নার দোকানে নিরাপত্তাকর্মীদের ঘুমের ওষুধ মিশ্রিত মোরগ পোলাও খাইয়ে অচেতন করে স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ৬/এ আনাম র‌্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। জুয়েলার্সটির কর্তৃৃপক্ষের দাবি, আনুমানিক প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে চোরচক্র।

পুলিশ বলছে, খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে নিরাপত্তাকর্মীদেরই কয়েকজন চুরি করেছে। লুটের পর থেকে শপিংমলটির দু’জন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। এ ঘটনায় ৪ জন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করছে পুলিশ।
পরে শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে গিয়ে আলামত সংগ্রহ করে। ঘটনার স্থল থেকে তালা কাটার ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই মেশিন, বড় রড কাটার স্ক্রু এবং বিভিন্ন জিনিস উদ্ধার করে সিআইডি ও থানা পুলিশ। পাশাপাশি রমনা বিভাগের ডিবি পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে যায়।

জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে শপিংমলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ধরনের চুরির চেষ্টা আগেও হয়েছিল বলে জানান তিনি। কয়েক বছর আগে একই কৌশলে চুরির চেষ্টা করা হয়। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়েছিল। একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি মালিকের নজরে আসায় সেবার চুরি করতে পারেনি দুর্বৃত্তরা। ওই ঘটনা ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা তারা নিয়ে গেছে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, এ ঘটনার পর থেকে হ্নতিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে একজন মার্শাল সিকিউরিটি কোম্পানি থেকে আনা জুয়েলার্সের নিজস্ব এবং অন্য দু’জন মার্কেটের নিরাপত্তাকর্মী। দোকানের অন্য নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে’ অচেতন করা করা হয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দু’জন অপরিচিত লোকের উপস্থিতি ছিল। ফুটেজে দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করেছেন। ভেতরে ঢোকার পর তাদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন। ঘটনায় জড়িত এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারী দলের কাছে দেয়া হয়েছে বলেও জানান সঞ্জীব।

ধানমণ্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব মানবজমিনকে বলেন, নিরপত্তাকর্মীদের মধ্যে কয়েকজন এ ঘটনায় জড়িত। এ ঘটনায় আমরা সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করেছি। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। ঘটনার পর তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিংমলের দু’জন নিরাপত্তাকর্মী রয়েছেন।
ভবনটির পার্কিংয়ে অর্ধচেতন অবস্থায় থাকা ঢাকা প্রোপার্টি সার্ভিসেস লিমিটেডের নিরাপত্তাকর্মী আব্দুর রহিম বলেন, আমরা তখন পার্কিংয়ে দায়িত্ব পালন করছিলাম। নিরাপত্তাকর্মী সালাম আমাকে জোড়া কলা খেতে দেয়। সুপারভাইজার রিপনও কলা খায়। কলা খাওয়ার পর আমরা অচেতন হয়ে পড়ি। এরপর আর কিছু বলতে পারি না। সুপারভাইজার রিপন কোথায় জানতে চাইলে আব্দুর রহিম বলেন, তাকে হয়তো চিকিৎসার জন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মার্শাল সিকিউরিটি কোম্পানির আব্দুর রব জানান, তিনি শিফট অনুযায়ী রাতে এবং দিনে ডিউটি করেন। সকালে এসে বিষয়টি জানতে পারি। মার্শাল সিকিউরিটি কোম্পানির সারোয়ার এবং সুপারভাইজার আমিনুলকে পুলিশ নিয়ে গেছে এবং এই কোম্পানির নিজাম সরদার পলাতক রয়েছে।