কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কবার্তা দেয়া হয়েছে। পুলিশ সদরদপ্তর থেকে এই বার্তা প্রতিটি ইউনিট, জেলার এসপিদের দেয়া হয়েছে। পাশাপাশি বিজিবি ও আনসার বাহিনীকে মাঠে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। টানা কিছুদিন ধরে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনায় ককটেল নিক্ষেপ, সড়ক অবরোধের মতো ঘটনা সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে তৎপর আছেন।
পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি এসআরবি, বিজিবি, আনসার সদস্যরা সম্মিলিত প্রচেষ্টায় মাঠে কাজ করছে। নাশকতাপ্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কিছু কিছু স্থানে দুর্বল কর্মকর্তাদের সরিয়ে দক্ষ ও সক্ষম কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় থানার কর্মরত কর্মকর্তাদের মাঠপর্যায়ে নামানো হয়েছে। সবমিলিয়ে রোববার ও সোমবারের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের সূত্রগুলো বলছে, নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা আড়ালে-আবডালে থেকে নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে। ঢাকার বাইরে থেকে অপরিচিত নেতাকর্মীদের এনে ঢাকাকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তারা ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগ করার সময় ভিডিও করে বিদেশে পলাতক নেতাদের কাছে পাঠাচ্ছে। আবার সুযোগ বুঝে কয়েক মিনিটের জন্য ঝটিকা মিছিল দিয়ে পালিয়ে যাচ্ছে। এসব কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নাশকতার পরিকল্পনা জানতে পারছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা জানিয়েছে, ডিসেম্বরে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এমন ধারণা নিয়ে সিনিয়র পলাতক নেতাদের নির্দেশে তারা এসব তৎপরতা চালাচ্ছে।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, নতুন করে নাশকতা ও সহিংসতার আশঙ্কায় সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লকডাউন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানা, হাসপাতালসহ সকল সরকারি স্থাপনা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেয়া হচ্ছে। সীমান্তবর্তী জেলাগুলোতেও নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছে পুলিশ সদরদপ্তর। নাশকতার ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের পর বাহিনীর ভেতরে সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।
গোয়েন্দা সূত্র বলছে, দুইদিনের কর্মসূচিতে ঝটিকা মিছিল এবং যানবাহনে অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। ঢাকা ছাড়াও আশপাশের কয়েকটি জেলা থেকে লোকজনকে সংগঠিত করে রাজধানীতে বিশৃঙ্খলা তৈরির শঙ্কা করছে গোয়েন্দারা। নাশকতার আশঙ্কায় রাজধানীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হচ্ছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন, যানবাহনে তল্লাশি, সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রস্তুতি রয়েছে।
গোয়েন্দারা বলছেন, সীমান্ত এলাকায় বিজিবি’র সঙ্গে সমন্বয় করে যৌথ নজরদারি, টহল ও তল্লাশি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। অবৈধভাবে লোকজনের পারাপার, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য প্রবেশ এবং সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধির ওপর নজর রাখতে বলা হয়েছে। নাশকতার ঘটনায় অর্থের জোগানদাতা, পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের নাম গোয়েন্দাদের হাতে এসেছে। তাদের কেউ দেশের বাইরে, আবার কেউ ঢাকার ভেতরে আত্মগোপনে রয়েছেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়াতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলো জড়িত বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, সারা দেশে দুই শতাধিকের উপরে নাশকতার ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে শতাধিক গাড়িতে অগ্নিসংযোগ করেছে। আতঙ্ক সৃষ্টির জন্য প্রায় দেড় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। চলতি মাসে পুলিশের স্থাপনায় হামলা হয়েছে ৪টি, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে ২৮টি এবং পুলিশের স্থাপনা বা গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ৪টি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় হামলা হয়েছে। জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২টি, মামলা হয়েছে ২টি এবং গ্রেপ্তার হয়েছে ১১ জন।
বিজিবি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদরদপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেয়া হবে না। যেকোনো ধরনের নাশকতা কঠোরভাবে প্রতিহত করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে।
