নয়া চ্যালেঞ্জে রপ্তানি খাত

নয়া চ্যালেঞ্জে রপ্তানি খাত

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং উড়োজাহাজের ক্রয়াদেশ ও মার্কিন তুলা, এলএনজি এবং কৃষিপণ্য আমদানি বাড়িয়েও বাংলাদেশি পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব করেছে ট্রাম্প প্রসাশন। এতে দেশের অভ্যন্তরে চলমান শ্রম অসন্তোষে রপ্তানি খাতে বিশেষ করে তৈরি পোশাকশিল্পে নতুন উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতিমধ্যেই কোটি কোটি ডলারের ক্রয়াদেশ অন্য দেশে সরে গেছে বলে জানিয়েছেন রপ্তানিকারকরা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি (এআরটি) সই হয় চলতি বছরের ৯ই ফেব্রুয়ারি। এতে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কহার অনেকটা কমে এসেছিল। তবে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশের উপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব করায় দেশটির বাজারে রপ্তানি নিয়ে আবারো অনিশ্চয়তা তৈরি হলো।

অর্থনীতিবিদদের মতে, বাণিজ্য ভারসাম্য রক্ষায় সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানোর পাশাপাশি বোয়িং কেনার মতো বড় উদ্যোগ নেয়া হয়েছিল। এসব পদক্ষেপের ইতিবাচক প্রতিফলন হিসেবে মার্কিন বাণিজ্য নীতিতে কিছুটা নমনীয়তা বা শুল্কছাড় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি; বরং নতুন শুল্ক আরোপের ফলে রপ্তানিকারকদের উপর বাড়তি খরচের চাপ তৈরির প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান একক রপ্তানি গন্তব্য হওয়ায় নতুন শুল্কের প্রভাব সরাসরি বৈদেশিক মুদ্রা আয়ের উপর পড়তে পারে। এ ছাড়া ক্রয়াদেশ ধরে রাখা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা। এ অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক ও বাণিজ্যিক পর্যায়ে দ্রুত আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।

সূত্র বলছে, গত ২৫শে নভেম্বর ইউএসটিআর ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারায় পরিচালিত তদন্তের ফলাফল প্রকাশ করে। এতে বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে প্রস্তাবিত ১৮ শতাংশ শুল্কের হিসাব নিয়ে কিছুটা বিভ্রান্তিও রয়েছে। বিশ্লেষকদের মতে, আগে থেকে কার্যকর থাকা ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক বাদ দিলে প্রকৃত বাড়তি শুল্ক হতে পারে ৮ শতাংশ। সেক্ষেত্রে বিদ্যমান হারের সঙ্গে যুক্ত হয়ে মোট শুল্কের বোঝা পণ্যভেদে ভিন্ন হতে পারে- তৈরি পোশাকের গড় শুল্ক ৩৩.৬ শতাংশে দাঁড়াতে পারে, আবার সামগ্রিক হিসাবের একটি প্রাক্কলনে মোট শুল্ক ৪৩.৫ শতাংশ পর্যন্ত পৌঁছানোর কথাও বলা হয়েছে।

ইপিবি ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৯০৪ কোটি ৮০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে, যার ৮৫.৬ শতাংশই তৈরি পোশাক। বিপরীতে আলোচ্য অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি ৩২ শতাংশের বেশি বেড়ে ৩৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির পর এপ্রিল-জুন প্রান্তিকেই আমদানি আগের প্রান্তিকের তুলনায় ১১৩.১১ শতাংশ বেড়ে ১২৯ কোটি ডলারে পৌঁছায়, যার বড় অংশ এসেছে জ্বালানি ও তেল আমদানি থেকে। এর পরেও নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব করেছে ট্রাম্প প্রসাশন।
এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক ঝুঁকির মধ্যেই দেশের মোট রপ্তানির প্রায় ৬১ শতাংশের গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের বাজারেও চাপে রয়েছে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩.৬৫ শতাংশ কমে ১ হাজার ৩৭ কোটি ইউরো হয়েছে। প্রতি কেজি পোশাকের গড় রপ্তানিমূল্যও ৮.৪৭ শতাংশ কমে ১৩.৮০ ইউরোতে নেমেছে। অথচ চীন ও ভিয়েতনামের রপ্তানি বাড়ছে। ফলে যুক্তরাষ্ট্রে শুল্ক বাড়ার আশঙ্কার পাশাপাশি ইউরোপে বাজার ধরে রাখার প্রতিযোগিতাও কঠিন হয়ে উঠছে।

ওদিকে দেশের অভ্যন্তরে মজুরি ইস্যুতে টানা এক মাস শ্রম অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো ক্রয়াদেশ সরিয়ে নিতে শুরু করেছে। কারখানা মালিকদের তথ্যমতে, নভেম্বরের প্রথমার্ধেই জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ কয়েকটি ব্র্যান্ডের প্রায় ১০ শতাংশ মাসিক ক্রয়াদেশ-যার পরিমাণ প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলার- অন্য দেশে চলে গেছে, যার বড় অংশ পেয়েছে ভারত। এ ছাড়া শ্রম অসন্তোষে কারখানাগুলোর উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছে বিজিএমইএ এবং ৩৬ থেকে ৪২ শতাংশ মজুরি বৃদ্ধির সুপারিশের পরও অনেক কারখানায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এই অবস্থায় নতুন শুল্ক আরোপের প্রস্তাব মড়ার উপর খারার ঘাঁ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, নতুন শুল্ক প্রস্তাব এখনো চূড়ান্ত নয়। আগ্রহী পক্ষগুলো আগামী বছরের ৫ই জানুয়ারি পর্যন্ত লিখিত মতামত জমা দিতে পারবে এবং ২৫শে জানুয়ারি থেকে গণশুনানি শুরু হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের উৎপাদন সক্ষমতা নিয়ে ইউএসটিআর যে অভিযোগ এনেছে, তার ভিত্তি নেই। সরকার তথ্য-প্রমাণ দিয়ে ইউএসটিআরের কাছে অবস্থান তুলে ধরবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বলেছেন, প্রস্তাবের কিছু বিষয় নিয়ে আলোচনার সুযোগ রয়েছে এবং সরকার সমঝোতার চেষ্টা করবে।

অন্যদিকে অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন তথ্যভিত্তিক জবাব, উৎপাদন ব্যয় ও গ্যাস-বিদ্যুৎ-বন্দর সক্ষমতার উন্নতি, বিকল্প কাঁচামালের উৎস অনুসন্ধান এবং একটি সমন্বিত কৌশল গ্রহণের উপর জোর দিয়েছেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম মনে করেন, জানুয়ারি পর্যন্ত হাতে থাকা সময়ে কূটনৈতিক তৎপরতা জোরদার এবং কারখানায় স্থিতিশীলতা ফেরানোই এখন সবচেয়ে জরুরি।
বিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশ এই শর্তে রাজি না হওয়ায় আমাদের লবিস্টের মাধ্যমে তারা ইয়ার্ন (সুতা) আমদানির প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের সুতা অনেক ব্যয়বহুল এবং সেগুলো ইমপোর্ট (আমদানি) করে তৈরি পোশাক রপ্তানি করলে ব্যয় অনেক বেশি হবে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শামীম ইসলাম বলেন, প্রতিশ্রুত ছাড় না পেয়েও ঢাকা চুক্তির নিজস্ব অংশ পূরণ করেছে; কিন্তু বাংলাদেশের শিল্পের সীমাবদ্ধতাগুলো ব্যাখ্যা করতে অবিলম্বে কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান তিনি।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, চূড়ান্ত শুল্কের হার নিয়ে অনিশ্চয়তা রপ্তানিকারকদের আর্থিক চাপ বাড়াতে পারে।