মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করেছেন। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সরকারি সফরে তার ঢাকায় আসার কথা ছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, বাংলাদেশ সফরের পাশাপাশি থাইল্যান্ড সফরও পিছিয়ে দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। ঢাকা সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল।
সফরসূচি অনুযায়ী, ৭ ডিসেম্বর ঢাকায় পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা ছিল।
গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।
এর আগে গত জুনে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।
অন্যদিকে, আনোয়ার ইব্রাহিম সর্বশেষ ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফর করেন। সে সময় তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন।
