নারী এশিয়ান কাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারালো জাপান। গতকাল সিডনিতে দাপুটে ফুটবল উপহার দিয়ে ফাইনালে পা রাখে দুইবারের চ্যাম্পিয়নরা। আগামী শনিবার শিরোপার লড়াইয়ে জাপানের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। যারা প্রথম সেমিফাইনালে নয়বারের চ্যাম্পিয়ন চীনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। ম্যাচের শুরু থেকে জাপানি মেয়েরা অপ্রতিরোধ্য ফুটবল উপহার দেয়। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইউই হাসেগাওয়া একটি সহজ সুযোগ নষ্ট করেন। তবে ১৫ মিনিটের মাথায় লিভারপুলের ফুকা নাগানোর পাস থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ওয়েস্টহ্যামের রিকো উয়েকি। এই টুর্নামেন্টে এটি তার ষষ্ঠ গোল। এর ১০ মিনিট পরেই বক্সের ডান প্রান্ত থেকে কোণাকুণি শটে ব্যবধান দ্বিগুণ করেন টটেনহ্যামের মাইকা হামানো।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান। বিরতির পর ৭৫ মিনিটে হেড করে জাপানের পক্ষে তৃতীয় গোলটি করেন অভিজ্ঞ কুমাগাই। এরপর একটি গোল শোধ দেন দক্ষিণ কোরিয়ার হয়ে কাং চেরিম। অবশ্য গোল করার আনন্দে মাতার কয়েক মিনিট পরেই বুলেট গতির শটে ব্যবধান ৪-১ করেন জাপানের রেমিনা চিবার। জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো। অফসাইড ও হ্যান্ডবলের কারণে জাপানের আরও তিনটি গোল বাতিল করেন রেফারি। বিশ্ব র্যাঙ্কিংয়ের আট নম্বর দল জাপান কোচ নিলস নিলসেনের অধীনে দারুণ খেলছে। এশিয়ান কাপের এবারের আসরে ৫ ম্যাচে ফাইনালের আগ পর্যন্ত প্রতিপক্ষের জালে ২৮বার বল পাঠিয়েছে। বিপরীতে হজম করেছে মাত্র এক গোল।
আগামী শনিবার সিডনিতে ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে স্যাম কারের অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে ছন্দে থাকা জাপান।
