শিরোপা দেয়া হলো মরক্কোকে মামলা করবে সেনেগাল

শিরোপা দেয়া হলো মরক্কোকে মামলা করবে সেনেগাল

ফন্ট সাইজ:

আফ্রিকান কাপ অব ন্যাশনস (অ্যাফকন) ফাইনালের দুই মাস পেরিয়েছে। বিতর্কিত সেই ম্যাচটির এতদিন পর ফলাফল পাল্টে দিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ)। রাবাতে গত ১৮ই জানুয়ারি ১-০ গোলে জয়ী হওয়া সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে নতুন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে! বিষয়টি মেনে নিতে পারছে না সেনেগাল।
ফাইনালের শেষ দিকে রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে উঠে যান সেনেগালিজ খেলোয়াড়রা। বিতর্কিত সেই কাণ্ডের জন্যই মূলত ফল পাল্টে দেয়া হলো। কাফের বিবৃতিতে বলা হয়, সেনেগালকে ‘ফাইনাল ম্যাচ পরিত্যাগকারী’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ‘৩-০ ব্যবধানে ম্যাচের ফল মরক্কোর পক্ষে নথিভুক্ত করা হয়েছে।’ শৃঙ্খলা কমিটির মতে, ফাইনাল চলাকালীন মরক্কো পেনাল্টি পাওয়ার পর সেনেগাল দল রেফারির অনুমতি ছাড়াই মাঠ ত্যাগ করার ঘটনায় অ্যাফকন বিধিমালার ৮২ ও ৮৪ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন হয়েছে। নিয়মানুযায়ী, খেলা শেষ হওয়ার আগে কোনো দল মাঠ ছাড়লে তাদের স্থায়ীভাবে বহিষ্কার এবং ৩-০ ব্যবধানে পরাজিত হিসেবে গণ্য করা হয়। যদিও সাদিও মানের অনুরোধে তখন খেলোয়াড়েরা মাঠে ফেরেন এবং অতিরিক্ত সময়ে গোল করে জয় নিশ্চিত করেন পাপে গেয়ি। তবে সেই ‘সাময়িক মাঠ ত্যাগ’কেই ম্যাচ বর্জন বা ‘পরিত্যাগ’ হিসেবে নথিভুক্ত করেছে সিএএফ।

এ সিদ্ধান্তে নিন্দার ঝড় বইছে সেনেগালের ফুটবল মহলে। অধিনায়ক সাদিও মানে থেকে শুরু করে দলের তরুণ ফুটবলার থেকে সাবেকরাও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন। ডিফেন্ডার মুসা নিয়াখাতে এবং মিডফিল্ডার পাপে দেম্বা দিওপ এই সিদ্ধান্তকে ‘পাগলামি’ বলে আখ্যা দিয়েছেন। দলের সাবেক কোচ আলিউ সিসে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এটি কি এপ্রিল ফুলের কোনো রসিকতা? আমি বিশ্বাসই করতে পারছি না!’ এমনকি ফিফা ও সিএএফ সভাপতির ভূমিকা নিয়েও ফুটবলবোদ্ধারা প্রশ্ন তুলেছেন। এই আইনি জয়ের ফলে ৫০ বছর পর আফ্রিকার শ্রেষ্ঠত্ব ফিরে পেলো মরক্কো। তবে সেনেগাল এই সিদ্ধান্ত মানতে নারাজ। ইতিমধ্যে তারা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করার ঘোষণা দিয়েছে। সুতরাং মাঠের লড়াইয়ের পর আরেকবার আইনি লড়াইয়ের দিকে তাকিয়ে ফুটবল বিশ্ব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন