বিশ্বকাপজয়ী জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যারের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রী আনিকা নয়্যারের দেওয়া একটি রহস্যময় ও ক্ষোভপূর্ণ পোস্ট ঘিরে ফুটবল মহলে তোলপাড় চলছে। এমনিতেই বেশ কিছুদিন ধরে ম্যানুয়েল ও আনিকার বিবাহবিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এরই মধ্যে অন্তঃসত্ত্বা নারীকে প্রতারণা করার বিষয়ে কঠোর ভাষায় একটি পোস্ট দিয়েছেন আনিকা। পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও সবার ধারণা, স্বামী ম্যানুয়েল নয়্যারকে ইঙ্গিত করেই এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আনিকা লিখেছেন, ‘অন্তঃসত্ত্বা নারীর সঙ্গে প্রতারণা করা চরম অবক্ষয়ের উদাহরণ। একজন নারী যখন সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নেন, সেই কঠিন সময়ে পাশে না থেকে অন্য সম্পর্কে জড়ানো শুধু ভুল নয়; এটি একটি অপরাধ এবং চরম অসম্মানজনক কাজ। ওই সময়টায় একজন নারীর আরও বেশি ভালোবাসা ও সমর্থনের প্রয়োজন হয়। তা না করে কেউ যদি তখন অন্য কাউকে বেশি প্রাধান্য দেয়, তবে এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না।’
আনিকা নিজেও জার্মানির জাতীয় দলের হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন। তবে একমাত্র ছেলের সঙ্গে বেশি সময় কাটানো এবং পরিবারকে সময় দেওয়ার জন্য গত বছর তিনি খেলা থেকে অবসর নেন। এদিকে জার্মান সংবাদমাধ্যমের দাবি, গত সেপ্টেম্বরে ইতালির সিসিলিতে ২৩ বছর বয়সী এক ব্রাজিলীয় তরুণীর সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল ম্যানুয়েল নয়্যারকে। গুঞ্জন রয়েছে, ওই তরুণী পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। চোট পাওয়ার পর চিকিৎসার জন্য নয়্যার সরাসরি ব্রাজিলে গিয়েছিলেন এবং সেখানেও দুজনকে একসঙ্গে দেখা গেছে। এর ঠিক পরপরই আনিকার এমন পোস্ট সামনে আসায় এই তারকা দম্পতির দাম্পত্য কলহ ও বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হলো।
