নেতানিয়াহুর ভাগ্য কি বেনেটের হাতে?

হারেৎজের বিশ্লেষণ

নেতানিয়াহুর ভাগ্য কি বেনেটের হাতে?

ফন্ট সাইজ:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবারের দিনটি কখনো ভুলবেন না। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি পেয়েছেন দুটি বিপরীতধর্মী খবর—একটি ছিল তার জন্য বড় দুঃসংবাদ, অন্যটি সুসংবাদ।

সকালে কান রেশেত বেত রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান জানান, নতুন সরকার গঠনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে। আগামী বুধবারই নেসেটের ১২০ আসনের মধ্যে স্পষ্ট ইহুদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহু বুঝতে পারেন, লিবারম্যান তার আগের অবস্থান থেকে সরে এসেছেন। ৬১ আসনের সমর্থন ছাড়া সরকার গঠন না করার যে শর্ত দিয়েছিলেন, তা কার্যত তুলে নিয়েছেন তিনি। বিনিময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের জন্য এবং বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব দলীয় নেতা ওদেদ ফোরারের জন্য নিশ্চিত করেছেন। মাত্র সাত আসনের একটি দলের হাতে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যাওয়ায় বিরোধী জোটের নেতারা বিস্মিত হয়েছেন।

তবে লিবারম্যানের সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল ইরানকে ঘিরে। তিনি বলেন, এই মুহূর্তে ইরানে হামলা চালানো হবে ‘স্পষ্টতই বেআইনি’। তার অভিযোগ, নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ ক্ষমতায় টিকে থাকতে ইরানকে উসকে দিচ্ছেন। এতে নির্বাচনের ফলাফল নস্যাৎ হওয়ার পাশাপাশি দেশকে নতুন সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

লিবারম্যানের ভাষায়, ইরান নিয়ে গোয়েন্দা তথ্য গুরুতর হলেও এখনই হামলার প্রয়োজন নেই। নেতানিয়াহু ও কাৎজের ক্ষমতার লালসা তাদের বিচারবুদ্ধিকে প্রভাবিত করছে।
হারেৎজের বিশ্লেষণে বলা হয়েছে, নেতানিয়াহু ও তার প্রতিরক্ষামন্ত্রী কোনো হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন না; বরং হিসাব করেই ইরানকে উসকে দেয়ার চেষ্টা করছেন। উদ্দেশ্য, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার গঠনের উদ্যোগ বানচাল করা। এ পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন নাফতালি বেনেটকে ঘিরে।

‘টুগেদার’ পার্টির এই নেতা এখনো নেতানিয়াহুকে নিয়ে ঐকমত্যের সরকার গঠনের পক্ষে কথা বলছেন। অথচ লিবারম্যানের সঙ্গে জোট চুক্তির পর প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব তার হাতছাড়া হয়েছে। বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠকও বাতিল করেছেন তিনি। কারণ হিসেবে বলেছেন, অতি-ধর্মীয় ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগের বিষয়ে আইজেনকট কোনো পরিকল্পনা দেননি।

হারেৎজের বিশ্লেষণে বলা হয়, নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির সরকার গঠিত হলে সেটি টিকবে না। আইজেনকটের জোটে ২৪-২৫ জন সংসদ সদস্য থাকতে পারেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে থাকবেন অন্তত ৪৬ জন। ফলে সুযোগ পেলেই নেতানিয়াহু সরকারটি ফেলে দেয়ার চেষ্টা করবেন।

ইসরাইলের প্রভাবশালী ইসরায়েলি সাংবাদিক এবং রাজনৈতিক কলামিস্ট ইয়োসি ভার্টারের মতে, এমন সরকার গঠনের উদ্দেশ্য হবে নেতানিয়াহুকে ক্ষমতায় টিকিয়ে রাখা—যিনি ৭ অক্টোবরের ভয়াবহ নিরাপত্তা ব্যর্থতার জন্য দায়ী।
ইয়োসি ভার্টার এ প্রসঙ্গে এহুদ বারাকের ১৯৯৮ সালের মন্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন: ‘বিবিকে বাঁচানো নয়, ক্ষমতা থেকে নামানো উচিত।’

আদালতের রায়েও স্বস্তি নেতানিয়াহুর

বুধবার নেতানিয়াহু আরেকটি স্বস্তির খবর পেয়েছেন জেরুজালেম জেলা আদালত থেকে। দুর্নীতির মামলায় আদালতের তিন বিচারকের ভূমিকা এবং অ্যাটর্নি জেনারেলের প্রতি তাদের আচরণকে লেখক বিচারপ্রক্রিয়ার জন্য লজ্জাজনক বলে বর্ণনা করেছেন। তার মতে, দীর্ঘদিনের বিলম্ব ও গড়িমসির সুযোগে নেতানিয়াহুর আইনজীবী আমিত হাদাদ কার্যত মামলার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন।

এরপর নেতানিয়াহু নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হিসেবে তুলে ধরে বিচারব্যবস্থা, রাষ্ট্রীয় কৌঁসুলির কার্যালয় ও পুলিশি তদন্তকারীদের বিরুদ্ধে অভিযোগ করেন। অথচ ৭ অক্টোবরের পর বেনি গান্টজ ও আইজেনকট তার যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন।
ইয়োসি ভার্টারের মতে, নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক বয়কটের অভিযোগও বাস্তবতার সঙ্গে মেলে না।

এদিকে উত্তর ও দক্ষিণ ইসরাইল পুনর্গঠনের জন্য গঠিত তনুফা ও তেকুমা সংস্থার বাজেট থেকে আরও ৩০ কোটি শেকেল (৯ কোটি ডলার) কমানো হয়েছে। স্বাস্থ্য ও কৃষি খাতের অনুমোদিত অর্থও আটকে যাচ্ছে। অথচ নেতানিয়াহু দাবি করেছেন, তার দুর্নীতির তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় ব্যয় হওয়া অর্থ দিয়ে এসব অঞ্চলের পুনর্গঠন করা যেত।

আন্তর্জাতিক চাপ বাড়ছে

ইয়োসি ভার্টারের মতে, ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপও বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা সাম্প্রতিক সফরে দেশটির ভবিষ্যৎ নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারও সতর্ক করেছেন, গাজা নিয়ে নীতির পরিবর্তন না হলে ইসরাইল বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে। তিনি ইসরাইলকে ‘সার্বক্ষণিক যুদ্ধকালীন মানসিকতা’ থেকে বেরিয়ে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার কথা বলেছেন। ইয়োসি ভার্টারের আশঙ্কা, নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা ও অস্ত্র সরবরাহে বিধিনিষেধ আরও বাড়তে পারে। এতে দেশটি কূটনৈতিক ও অর্থনৈতিক সংকটের পাশাপাশি নতুন সামরিক ঝুঁকিতেও পড়বে।
ইয়োসি ভার্টার জানান, ৭ অক্টোবরের আগে নিরাপত্তা কর্মকর্তারা যেভাবে নেতানিয়াহুকে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন, এখনো আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্কবার্তা তিনি উপেক্ষা করছেন।

বেনেটের সিদ্ধান্তই এখন গুরুত্বপূর্ণ

আইজেনকট, লিবারম্যান ও ডেমোক্রেট পার্টির নেতা ইয়ার গোলান আগামী বুধবারের মধ্যেই নতুন সরকার গঠন করতে চান। ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থন বা ভোটদানে বিরত থাকা এবং মানসুর আব্বাসের ইউনাইটেড আরব লিস্টের সহযোগিতায় নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব বলে মনে করছেন তারা।কিন্তু বেনেট এখনো ঐকমত্যের সরকারের পক্ষে অবস্থান নেয়ায় সরকার গঠনের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। ইয়োসি ভার্টারের প্রশ্ন, নেতানিয়াহুর সঙ্গে সমঝোতা করতে গিয়ে বেনেট কি ইসরাইলকে আরও বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছেন?

এদিকে নেসেটের বিভিন্ন কমিটিতে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। গণমাধ্যম আইন বাতিলের আলোচনা চলাকালে লিকুদ ও ওতজমা ইয়েহুদিতের কয়েকজন সংসদ সদস্য আরব সংসদ সদস্যদের লক্ষ্য করে গালিগালাজ করেন। তাদের বিরুদ্ধে যুদ্ধজনিত মানসিক আঘাতে ভোগা ব্যক্তিদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগও উঠেছে।
সব মিলিয়ে ইয়োসি ভার্টারের মূল বক্তব্য, নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য নিরাপত্তা পরিস্থিতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। আর আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার গঠনের পথে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন বেনেট। দ্রুত সিদ্ধান্ত না এলে ইসরাইল কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক—তিন দিক থেকেই আরও গভীর সংকটে পড়তে পারে।