কানাডার কুইবেক প্রদেশের সরকারি খাতে ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার দেয়া এক রায়ে ২০১৯ সালে প্রণীত বিতর্কিত এই আইনকে বৈধতা দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এর ফলে সরকারি চাকরিতে মুসলিম নারীদের হিজাব, শিখদের পাগড়ি এবং ইহুদিদের কিপ্পাহসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক পরার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, আইনটি মূলত হিজাব পরা মুসলিম নারীদের লক্ষ্য করে প্রণয়ন করা হয়েছে বলে সমালোচনা রয়েছে। তবে এর প্রভাব পড়েছে ক্যাথলিক, শিখসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপরও।
২০২১ সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, কুইবেকের মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ মুসলিম। কানাডার প্রদেশগুলোর মধ্যে অন্টারিওর পরই এ প্রদেশে মুসলিম জনসংখ্যার হার সবচেয়ে বেশি।
কানাডায় ইসলামবিদ্বেষ মোকাবিলায় নিযুক্ত প্রথম ও একমাত্র বিশেষ প্রতিনিধি আমিরা এলঘাওয়াবি আদালতের এ রায়কে ‘বিধ্বংসী’ বলে অভিহিত করেছেন। চলতি বছরের শুরুতে তার দপ্তর বন্ধ করে দেয়া হয়।
এলঘাওয়াবি প্রতিষ্ঠিত সংগঠন মুসলিম কমিউনিটিজ রিসার্চ অবজারভেটরি থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘কানাডার অধিকার ও স্বাধীনতার সনদ যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ভঙ্গ করা হয়েছে। ভবিষ্যতে এই অধিকার আবারও বারবার লঙ্ঘিত হতে পারে। এর অর্থ, ধর্মীয় স্বাধীনতা, সমতা এবং সব কানাডীয় নাগরিকের অধিকার আর নিশ্চিত নয়।’
তিনি আরও বলেন, ‘এই রায়ের তাৎক্ষণিক প্রভাব পড়বে কুইবেকের মানুষের জীবন ও জীবিকার ওপর। বিশেষ করে হিজাব পরা মুসলিম নারীরা ক্ষতিগ্রস্ত হবেন।
সাংবিধানিক ধারার কারণে বহাল আইন
কানাডার সুপ্রিম কোর্টের রায়ের মূল বিষয় ছিল সংবিধানের ৩৩ নম্বর ধারা, যা ‘নটউইথস্ট্যান্ডিং ক্লজ’ নামে পরিচিত। এই ধারার মাধ্যমে কোনো আইনকে কানাডার অধিকার ও স্বাধীনতার সনদে থাকা নির্দিষ্ট কিছু অধিকারের চ্যালেঞ্জ থেকে সুরক্ষা দেয়া যায়। কুইবেকের বিতর্কিত বিল ২১-কে এ ধারার আওতায় রাখা হয়েছে।
শুক্রবারের রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রিচার্ড ওয়াগনার বলেন, ‘সংক্ষেপে বলতে গেলে, স্বাধীন ও গণতান্ত্রিক সমাজে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়ে কুইবেকের বৈধ ও ঐতিহাসিক অঙ্গীকারের ভিত্তিতেই বিল ২১ প্রণীত হয়েছে।’
২০১৯ সালে পাস হয় বিতর্কিত বিল ২১
২০১৯ সালে কুইবেক সরকার প্রথম সরকারি খাতের কর্মীদের দায়িত্ব পালনের সময় ধর্মীয় প্রতীক পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিল ২১ পাস করে। এর আওতায় মুসলিম নারীদের হিজাব, শিখদের পাগড়ি এবং ইহুদিদের কিপ্পাহসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক অন্তর্ভুক্ত করা হয়।
তৎকালীন প্রাদেশিক আইনসভায় ৭৩-৩৫ ভোটে বিলটি পাস হয়। ডানপন্থি কোয়ালিশন অ্যাভেনির কুইবেক সরকার তখন আইনসভায় সংখ্যাগরিষ্ঠ ছিল। আইনটি নিয়ে বিতর্ক সীমিত করতে সরকার সংবিধানের নটউইথস্ট্যান্ডিং ক্লজ প্রয়োগ করে।
বিলটি পাস হওয়ার পর তৎকালীন প্রিমিয়ার ফ্রাঁসোয়া লেগো বলেন, ‘কুইবেকের মানুষ দীর্ঘদিন ধরে যে মুহূর্তটির অপেক্ষায় ছিলেন, এটি সেটিই।’
