আফগানিস্তানে স্কুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত ৯০

আফগানিস্তানে স্কুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত ৯০

ফন্ট সাইজ:

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৯০ জনের বেশি। শনিবার (২৮ নভেম্বর) প্রাদেশিক রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর এপির।
কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্যবিষয়ক পরিচালক সামি উল হক বায়ান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলটির পাশের একটি বিস্ফোরক দ্রব্যের গুদাম থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। খনি কোম্পানিগুলোর ব্যবহারের জন্য সেখানে বিস্ফোরক মজুত রাখা হয়েছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গুদামটির দায়িত্বে অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

বায়ান আরও জানান, আহতদের মধ্যে ১৫ জনের মতো এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে কুনার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানান, শনিবার সকাল ১০টার দিকে আসাদাবাদের উপকণ্ঠে আন্দার সের এলাকায় একটি স্কুলে বিস্ফোরণটি ঘটে।