এআই গবেষণাগারে ‘ভয়ংকর আবিষ্কার’, বিশ্বজুড়ে বিশৃঙ্খলার আশঙ্কা

গার্ডিয়ান এক্সক্লুসিভ

এআই গবেষণাগারে ‘ভয়ংকর আবিষ্কার’, বিশ্বজুড়ে বিশৃঙ্খলার আশঙ্কা

ফন্ট সাইজ:

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নতুন এক উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। শক্তিশালী এআই মডেলগুলো এমন কিছু গাণিতিক সমস্যার সমাধান করে থাকতে পারে, যা কয়েক দশক ধরে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন তথ্য সুরক্ষার ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর ফলে ব্যাংকিং লেনদেন, কূটনৈতিক বার্তা, ব্যক্তিগত ই-মেইলসহ বিভিন্ন গোপন যোগাযোগের নিরাপত্তাব্যবস্থা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে বড় কোনো আবিষ্কারের খবর সামনে আসতে পারে, যা বিশ্বজুড়ে নিরাপত্তাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে বাধ্য করবে।

বিশেষজ্ঞদের ধারণা, এআই গবেষণাগারগুলো ইতোমধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কারের নাগাল পেয়েছে, যা প্রকাশ্যে এলে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হতে পারে। তবে এসব আবিষ্কারের প্রকৃত স্বরূপ এখনো স্পষ্ট নয়।

তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের বিশিষ্ট গবেষক স্কট অ্যারনসন বৃটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে বলেছেন, গোপন তথ্য এনক্রিপশন বা সাংকেতিক পদ্ধতিতে সুরক্ষিত রাখার সঙ্গে সম্পর্কিত কয়েক দশক পুরোনো গাণিতিক সমস্যায় শক্তিশালী এআই মডেলগুলোর বড় অগ্রগতির বিষয়ে ‘বিশ্বাসযোগ্য একাধিক সূত্রে নিশ্চিত তথ্য’ পাওয়া যাচ্ছে।

এ ধরনের আবিষ্কারের ফলে হ্যাকারসহ বিভিন্ন পক্ষ খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের গোপন যোগাযোগের তথ্য সহজে উন্মোচন করার সক্ষমতা অর্জন করতে পারে। ব্যাংকের আর্থিক লেনদেন, কূটনৈতিক বার্তা এবং ব্যক্তিগত ই-মেইলও এর আওতায় পড়তে পারে।

এমন পরিস্থিতি তৈরি হলে গোয়েন্দা সংস্থা, সরকার, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত তাদের যোগাযোগব্যবস্থার নিরাপত্তার ভিত্তি পরিবর্তন করতে হতে পারে। তা না হলে অত্যন্ত সংবেদনশীল তথ্য ব্যাপকভাবে ফাঁস হওয়ার আশঙ্কা থাকবে।

গত কয়েক সপ্তাহে বিশ্বের শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলোর একের পর এক গাণিতিক অগ্রগতির ঘোষণার পর বিশেষজ্ঞদের মধ্যে এই উদ্বেগ তৈরি হয়েছে।

গার্ডিয়ান বলছে, এসব আবিষ্কারের বেশির ভাগই তাত্ত্বিক ও বিমূর্ত গাণিতিক সমস্যাসংক্রান্ত। তবে সংশ্লিষ্ট গবেষকদের কাছে এগুলো গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে যে, এআই এমন সব সমস্যার সমাধান করতে সক্ষম হচ্ছে, যেগুলো ভবিষ্যতে আরও বহু বছর অমীমাংসিত থাকবে বলে ধারণা করা হয়েছিল।

‘এআই গবেষণাগারে এক বা একাধিক বিস্ফোরক আবিষ্কার রয়েছে’

চলতি সপ্তাহের শুরুতে অ্যারনসন লিখেছিলেন, ‘একাধিক নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে আমি প্রায় নিশ্চিত যে এআই গবেষণাগারগুলো এখন ক্রিপ্টোগ্রাফি বা সাংকেতিক তথ্য সুরক্ষার ক্ষেত্রে এক বা একাধিক বিস্ফোরক আবিষ্কার হাতে নিয়ে বসে আছে।’

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক স্টিভেন মারডকও এআইয়ের সক্ষমতা নিয়ে সতর্ক করেছেন। তার ভাষায়, ‘যারা মনে করতেন এআই দিয়ে উল্লেখযোগ্য কোনো গণিত করা সম্ভব নয়, তারা এখন নিশ্চিতভাবেই ভুল প্রমাণিত হয়েছেন। এই পর্যায়ে এসে এআইয়ের সক্ষমতার সীমা কোথায়, তা আর স্পষ্ট নয়।’

শুক্রবার বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে গণিতবিদ মার্কাস ডু সটয় বলেন, সাম্প্রতিক আবিষ্কারগুলোর বিস্তৃত প্রভাব কী হতে পারে, বিশেষ করে তথ্য এনক্রিপশনের ক্ষেত্রে এর অর্থ কী—তা এখনো জানা যায়নি।

তিনি বলেন, ‘আমাদের সব ইলেকট্রনিক গোপন তথ্য সুরক্ষার কেন্দ্রে যে সমস্যাটি রয়েছে, সেটি নিয়ে কেউ কথা বলছে না। কেন কেউ ওই সমস্যাটি নিয়ে কথা বলছে না? আমাদের কেউ কেউ ভাবছি, হয়তো তারা ইতোমধ্যে সমস্যাটির সমাধান করে ফেলেছে। আর এর প্রভাব এতটাই ব্যাপক হতে পারে যে সবাই বিষয়টি গোপন রাখছে।’

কোয়ান্টাম কম্পিউটারের আগেই বিপদের আশঙ্কা

শক্তিশালী ডিক্রিপশন প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গত কয়েক বছর ধরেই প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দেশের সরকার, ব্যাংক ও গোয়েন্দা সংস্থা। এর অন্যতম কারণ কোয়ান্টাম কম্পিউটার। এ প্রযুক্তি পূর্ণাঙ্গভাবে বিকশিত হলে বর্তমানে তথ্য সুরক্ষায় ব্যবহৃত কয়েক দশক পুরোনো অনেক এনক্রিপশন অ্যালগরিদম ভেঙে ফেলার সক্ষমতা অর্জন করতে পারে।
তবে কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে এ ধরনের এনক্রিপশন ভাঙার সক্ষমতা তৈরি হতে এখনো কয়েক বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে এমন কিছু ঘটার কথা নয়।

মারডক জানান, কোয়ান্টাম কম্পিউটারের আক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আরও উন্নত এনক্রিপশন পদ্ধতি তৈরিতে সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কাজ করছে। কিন্তু সেই প্রস্তুতির গতি বেশ ধীর। তার ভাষায়, ‘লক্ষ্যমাত্রা ছিল ২০৩২ সালের মতো একটি সময়। কিন্তু সেটিও সম্ভবত অর্জন করা যাবে না।’

তবে এখন মারডক, অ্যারনসনসহ অন্যান্য বিশেষজ্ঞ মনে করছেন, ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে মানুষের দীর্ঘদিনের ধারণায় আকস্মিক পরিবর্তন আসতে পারে। আর তা ঘটতে পারে খুব শিগগিরই।

এআই কি এনক্রিপশন ভাঙার নতুন পথ খুঁজে পেয়েছে?

এআই গবেষণাগারগুলোর সম্ভাব্য আবিষ্কার ঠিক কী, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। অ্যারনসন ও অন্য বিশেষজ্ঞদের ধারণা, দুটি সম্ভাবনার যেকোনো একটি ঘটতে পারে। এআই হয়তো এনক্রিপশন ভাঙার সম্পূর্ণ নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করেছে। অথবা প্রমাণ করেছে, এ ধরনের দ্রুত সমাধানের কোনো পথই বাস্তবে নেই।

এনক্রিপশন ব্যবস্থার ভিত্তি হলো জটিল গাণিতিক অ্যালগরিদম। এতদিন এসব গণিতের অনেক বিষয় পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। এআই মডেলগুলো এসব গাণিতিক কাঠামো বিশ্লেষণ করে নতুন কোনো পদ্ধতি বের করতে পারলে বিপুল পরিমাণ গোপন তথ্যের সাংকেতিক সুরক্ষা ভেঙে ফেলা সম্ভব হতে পারে।

অন্যদিকে, এআই হয়তো প্রমাণ করতে পারে যে প্রচলিত ধারণার চেয়েও এসব তথ্য অনেক বেশি নিরাপদ এবং সহজে এনক্রিপশন ভাঙার কোনো উপায় নেই।
বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের এনক্রিপশন পদ্ধতি চালু রয়েছে। সেগুলোর ভিত্তিও এক নয়। ফলে এআই ঠিক কোন গাণিতিক সমস্যার সমাধান করেছে, তার ওপর নির্ভর করবে কোন কোন নিরাপত্তাব্যবস্থা ঝুঁকিতে পড়বে।

অ্যারনসন জানিয়েছেন, এনক্রিপশন নিয়ে এমন কোনো আবিষ্কারের বিষয়ে এআই প্রতিষ্ঠানগুলো এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে তার মতে, বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা ধরে নিচ্ছেন যে এ ধরনের আবিষ্কার ইতোমধ্যেই ঘটেছে।

ইউনিভার্সিটি অব সারেতে কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক অ্যালান উডওয়ার্ড অবশ্য মনে করেন, ক্রিপ্টোগ্রাফিতে কোনো গাণিতিক অগ্রগতি হলেই পরদিন বিশ্বজুড়ে বিশৃঙ্খলা তৈরি হবে, এমন নয়। তবে কয়েক দশক ধরে রহস্যে ঘেরা সমস্যার সমাধানে এআইয়ের গতি যেভাবে বেড়েছে, তাতে সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।
তিনি বলেন, ‘অ্যারনসন মূলত বলতে চাইছেন, হঠাৎ এমন কিছু সামনে আসতে পারে—এ জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। কারণ, এ ধরনের অগ্রগতির একটি স্পষ্ট প্রবণতা দেখা যাচ্ছে।’

এআইয়ের নতুন মডেল প্রকাশে সতর্কতার পরামর্শ

এদিকে এনক্রিপশন প্রযুক্তিতে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠান বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। চলতি সপ্তাহের শুরুতে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানকে নতুন এআই মডেল জনসাধারণের জন্য উন্মুক্ত করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

গত কয়েক সপ্তাহে এআই প্রতিষ্ঠানগুলো এমন কিছু গাণিতিক ফলাফলের প্রমাণ প্রকাশ করেছে, যেগুলোর সঙ্গে এনক্রিপশন নিরাপত্তার প্রশ্নটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর মধ্যে একটি আবিষ্কার ছিল কম্পিউটেশন বা গণনার ক্ষেত্রে কোন সমস্যাগুলোকে ‘কঠিন’ হিসেবে শ্রেণিবদ্ধ করা যায়, সে বিষয়ে মৌলিক একটি প্রশ্নের সঙ্গে সম্পর্কিত।

অ্যারনসনের মতে, এসব অগ্রগতি গণিত ও কম্পিউটার বিজ্ঞানের বিশেষজ্ঞদের কাছে ভূমিকম্পের মতো। কারণ, তাদের অনেকেই সারা জীবন ধরে এসব সমস্যা নিয়ে গবেষণা করেছেন। আবার কেউ কেউ বিশ্বাস করতেন, নিজেদের জীবদ্দশায় এসব সমস্যার সমাধান দেখে যেতে পারবেন না।

তিনি বলেন, ‘আমরা আগে কখনো এমন সময় দেখিনি। যা ঘটছে, তার বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করছি।’

তবে অ্যারনসন জোর দিয়ে বলেছেন, এআই প্রতিষ্ঠানগুলোর প্রকাশ করা গাণিতিক প্রমাণগুলো এখনো ভালোভাবে যাচাই করা প্রয়োজন। এসব প্রমাণের সত্যতা নিশ্চিত করতে মানব গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানীদের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
উডওয়ার্ডের মতে, সপ্তাহ শেষ হওয়ার আগেই কোনো আবিষ্কার এনক্রিপশন ব্যবস্থাকে অকার্যকর করে দেবে, এমন সম্ভাবনা কম। এমন কোনো আবিষ্কার থাকলেও সেটিকে ব্যাপকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে নানা বাধা রয়েছে।

তবে তার সতর্কবার্তা, এনক্রিপশনের ওপর নির্ভরশীল বড় ব্যাংক ও সরকারগুলোকে দ্রুত পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে।

উডওয়ার্ড বলেন, ‘যারা দ্রুত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে, তারা নিরাপদ থাকবে। কিন্তু যারা পিছিয়ে থাকবে, তারা বড় ধরনের বিপদে পড়তে পারে।’
এ বিষয়ে বক্তব্য জানতে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের সঙ্গে যোগাযোগ করেছে গার্ডিয়ান। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।