যুদ্ধের অবসান ঘটাতে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার পরিকল্পনা নতুন করে বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন প্রশাসনের একাংশের ধারণা, ইরানের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নির্মূল করতে পারলে তেহরানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হবে। এতে শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধে বাধ্য হতে পারে ইরান।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তা ও অপর একটি সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসনের কিছু কর্মকর্তা মনে করেন, ইরানের নেতৃত্বকে যেকোনো সময় শনাক্ত করে হামলা চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে—তেহরানকে এমন বার্তা দিতে পারলে দেশটি যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে পারে।
দুটি সূত্রের তথ্য অনুযায়ী, ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলার বিষয়টি দীর্ঘদিন ধরেই মার্কিন প্রশাসনের বিবেচনায় রয়েছে। তবে যুদ্ধের পরবর্তী পর্যায় নিয়ে ট্রাম্পের পর্যালোচনার অংশ হিসেবে গত কয়েক সপ্তাহে বিষয়টি আবারও গুরুত্বের সঙ্গে আলোচনায় এসেছে।
ইরান তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে ‘ডার্টি বোমা’ তৈরির চেষ্টা করছে—এমন খবর এবং মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সম্ভাব্য রাসায়নিক হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর এই আলোচনা আরও গতি পায়।
এর আগে গত ২০ নভেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইরানের নেতৃত্ব সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সক্ষমতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘ইরানে কী ঘটছে, সে সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। তারা কী বলে, তারা কারা এবং কোথায় আছে—সবই আমাদের জানা। আমরা সব খুঁজে বের করব এবং কোনোভাবেই এসব হতে দেব না।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর প্রথম দিনেই হামলায় নিহত হন দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে তার ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে ইরানের ক্ষমতাকাঠামোয় মোজতবার পাশাপাশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার আহমদ ওয়াহিদি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদুল্লাহি, সেনাপ্রধান আমির হাতামি এবং সাবেক আইআরজিসি প্রধান মহসেন রেজাই। চলতি বছরের আগস্টে তাকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদ) সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।
তবে এনবিসি নিউজের প্রতিবেদনে এসব নেতার কাউকে নির্দিষ্টভাবে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়নি।
হামলার বিপক্ষে ট্রাম্প প্রশাসনের একাংশ
ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যেও মতভেদ রয়েছে। এর বিরোধিতাকারী কর্মকর্তারা সতর্ক করেছেন, ইরানি নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানো হলে মার্কিন কর্মকর্তারাও পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়তে পারেন।
তাদের আশঙ্কা, এ ধরনের অভিযান ইরানের অবশিষ্ট নেতৃত্বের মনোবল ভেঙে দেয়ার পরিবর্তে আরও শক্তিশালী করতে পারে। একই সঙ্গে যুদ্ধের অবসানে ভবিষ্যতে কূটনৈতিক সমাধানের যে সুযোগ রয়েছে, তা-ও নষ্ট হয়ে যেতে পারে।
অন্যদিকে, সামরিক বিকল্পগুলো পর্যালোচনার পাশাপাশি ইরানের ওপর নৌ-অবরোধ অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার চেষ্টাও করছে ওয়াশিংটন।
মোজতবার কড়া হুঁশিয়ারি
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির নেতৃত্বের ওপর নতুন করে বড় ধরনের হামলা না চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করেছেন। তার কার্যালয়ের বরাত দিয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শত্রুরা যদি আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তবে কখন এবং কোন শর্তে এই যুদ্ধ শেষ হবে, তা ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং ইরানি জাতিই নির্ধারণ করবে।’
ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ হুঁশিয়ারি দেন মোজতবা। বৈঠকে উপস্থিত ছিলেন আলী আবদুল্লাহি, আমির হাতামি ও আহমদ ওয়াহিদিসহ দেশটির গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডাররা।
এর আগে গত ৩১ অক্টোবর ইরানের সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি। সে সময় সম্ভাব্য শত্রু হামলার জবাবে ‘তাৎক্ষণিক, কার্যকর ও ভৌগোলিক সীমাহীন’ পাল্টা ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন মোজতবা।
উল্লেখ্য, বাবা আলী খামেনি নিহত হওয়ার দিন চালানো হামলায় মোজতবাও আহত হয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। সর্বোচ্চ নেতার দায়িত্ব নেয়ার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।
এদিকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা গত মঙ্গলবার ফক্স নিউজকে বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতির ওপর চাপ সৃষ্টির কারণে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইতিহাসের বৃহত্তম নৌ-অবরোধ, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ এবং নতুন ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্পের হাতে একাধিক বিকল্প রয়েছে। এ ক্ষেত্রে প্রেসিডেন্ট সর্বোত্তম সিদ্ধান্ত নেবেন বলে দাবি করেন তিনি।
