জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের মশাল মিছিল, বিএনপির ধাওয়া

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের মশাল মিছিল, বিএনপির ধাওয়া

ফন্ট সাইজ:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে স্বাগত জানিয়ে পৃথক স্থানে ঝটিকা মশাল মিছিল করেছে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ। এ সময় বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে মশাল ফেলে পালিয়ে যায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। মিছিলের দুইটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের আয়োজনে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঝিনাই সেতুর পূর্বপাড় থেকে একটি মিছিলটি বের হয়।

সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়ের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। পরে মিছিলটি পৌর শহরের কম্পপুর মোড়ে পৌঁছার আগেই শেষ করে সেখান থেকে সটকে পড়েন নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা।
ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, মিছিলের সামনে একটি ব্যানার ছিল। সবার হাতেই মশাল। এ মিছিলে আমরা সবাই ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব। কে বলেরে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলায়। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট-বোমা এসব স্লোগান দিতে দেখা যায়।

অপরদিকে রাত ১০ টার দিকে পৌর শহরের বাইপাস সড়ক থেকে পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে একটি মশাল মিছিল বের হয়। পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক মুগ্ধ চৌধুরীর নেতৃত্বে মিছিলটি জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে জহুরুলের ফিসারী মোড়ে যাওয়ার পথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে মশাল ফেলে পালিয়ে যায় স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নৈরাজ্য ও অরাজকতা প্রতিহত করতে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে আমরা শহরে টহল দিচ্ছিলাম। এমন সময় শহরের বাইপাস সড়ক থেকে একটি মশাল মিছিল জহুরুলের ফিসারীর দিকে আসার পথে আমাদের ধাওয়া খেয়ে তারা মশাল ফেলে পালিয়ে যায়। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে সোহেল রানা খানের নেতৃত্বে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, মিছিলের ভিডিও দেখেছি। এ নিয়ে আমরা কাজ করছি।