সিলেটে এমপির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

সিলেটে এমপির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ফন্ট সাইজ:

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (ভোররাতে) দক্ষিণ সুরমার তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত তার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় এম এ মালিক ও তার স্ত্রী বাড়িতে অবস্থান করছিলেন। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে একদল দুর্বৃত্ত এম এ মালিকের বাড়ির টিনের চালে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে বাড়ির একটি অংশে আগুন ধরে যায়। পরে বাড়ির নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিরাপত্তাকর্মীরা জানান, তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হওয়ায় বাড়ির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন। তিনি জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলার সঙ্গে জড়িত। ঘটনাটি তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।