বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছালো ১০৩ বাংলাদেশি কর্মী

ফন্ট সাইজ:

প্রায় আড়াই বছর বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারো বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল)-এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত ১১২ জন কর্মীর মধ্যে ১০৩ জন মালয়েশিয়ায় পৌঁছেছেন। ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তারা যেতে পারেননি। প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে এই ৯ জনও মালয়েশিয়া যাবেন বলে তথ্য দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়ে গ্রহণ করেছেন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ হাইকমিশন ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ সময় হাইকমিশনার কর্মীগণকে অভিনন্দন জানান এবং মালয়েশিয়ায় তাদের সাফল্য কামনা করেন। তিনি তাদেরকে মনোযোগ সহকারে কাজ করার পাশাপাশি মালায়েশিয়ার আইন কানুন ও রীতি-নীতি মেনে চলার পরামর্শ দেন। এর আগে ঢাকায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশি কর্মীরা ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়াতে কাজ করবেন বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এবার মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এদের সকলেই সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। উল্লেখ্য যে, গত ২০২৪ সালের জুন মাস থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকারের আন্তরিক ও দক্ষ কূটনৈতিক প্রচেষ্টার কারণেই অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই মালয়েশিয়ায় পুনরায় বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে এবং এ মাইলফলক অর্জিত হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছে, অভিনন্দন নতুন কর্মীগণকে। মালয়েশিয়ায় তাদের নতুন কর্মজীবন সফল ও নিরাপদ হোক।