ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন ও তিনদিনের ছুটি শেষে বন্ধ শিল্প-কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে দলবেঁধে কর্মস্থলে প্রবেশ করছেন গাজীপুর শিল্প নগরীর বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। উৎপাদন শুরু হয়েছে পুরোদমে। কল কারখানা অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ গাজীপুরে প্রায় সকল কারখানা খোলা রয়েছে। সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি কারখানা আজও বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে গাজীপুর শিল্প নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রের দেখা মেলে।
ভিনটেজ ডেনিম কারখানার শ্রমিক অহেদুল ইসলাম বলেন, বুধবার থেকে টানা তিনদিনের ছুটি ছিল। আজ কারখানা খুলছে। আমরাও স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে আসছি। টানা আন্দোলনে মালিকের পাশাপাশি আমাদের মতো শ্রমিকদেরও অনেক ক্ষতি হয়েছে।
সাবলাইম কারখানার নারী শ্রমিক ইতি আক্তার বলেন, সকাল সকাল বাসার কাজ শেষ করে কর্মস্থলে এসেছি। এটা আমাদের প্রতিদিনের রুটিন। কয়েকদিন কারখানা বন্ধ থাকায় খারাপ লাগছে। আন্দোলন তো পেটের দায়ে করি। এই যে একটু বেতন বাড়লো তাতে আমাদের যে কত উপকার হলো তা শুধু আমরা শ্রমিকরা বুঝি।
খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ি, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সালনা, বাঘের বাজার, মেম্বারবাড়ি, বাংলা বাজার, টঙ্গী, গাজীপুরা, নাওজোর শ্রীপুর শিল্প নগরী প্রায় সব কারখানার উৎপাদন পুরোদমে শুরু হয়েছে।
গাজীপুর শিল্প অঞ্চল পুলিশের পুলিশ সুপার মো.আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে গাজীপুরের সব কারখানার উৎপাদন পুরোদমে শুরু হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫ কারখানা আজও বন্ধ রয়েছে। সকাল থেকে কোনো আন্দোলন, কর্মবিরতির খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য শিল্প নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্তক অবস্থানে রয়েছে।
