অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করে দেবো: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করে দেবো: স্বরাষ্ট্রমন্ত্রী

ফন্ট সাইজ:

দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে সরকার নস্যাৎ করে দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বদ্ধপরিকর, দেশে যেকোনো রকমের অস্থিরতা সৃষ্টির পায়তারাকে আমরা নস্যাৎ করে দেব।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে, তাদের কাজই এটা। আমরা ধরেই নিই সব সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। সেজন্যই তো পুলিশ। সেজন্যই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেজন্যই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জ্বালাও-পোড়াওয়ের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের শ্রমিক ভাই বোনরা অত্যন্ত সন্তুষ্ট। আপনারা লক্ষ্য করেছেন তারা মজুরি বোর্ডের নূন্যতম মজুরি ঘোষণাকে স্বাগতম জানিয়েছে। আর শৃঙ্খলা রক্ষা করেছে। কিছু কিছু শ্রমিক নামধারী তারা শ্রমিকের মধ্যে অসন্তোষ সৃষ্টি করার হয়তো পায়তারা করছে। আমার মনে হয় তারা সফল হবে না। আর যারা জ্বালা পোড়াও করছে ঘোষণা দিয়ে সীমান্তের ওপার থেকে। তারা দেশের দুই একটা জায়গায় ইউনিয়ন পর্যায়ে হয়তো কোথাও কোথাও মশাল মিছিল করেছে বলে আমি শুনেছি, দেখেছি। এগুলা খুবই বিচ্ছিন্ন ঘটনা।

দেশের বাইরে থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তের ওপারে কে কী করছে আমরা জানি না। তবে সীমান্তের এইপারে আমাদের ভেতরে কেউ কোনো অপতৎপরতা চালাতে পারবে না।

ভারতের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের বিষয়ে দৃষ্টিপাত করলে তিনি বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।

এর আগে গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলনে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বিষয়ে তিনি বলেন, অনেকে আহত হয়েছে, কেউ গুরুতর আহত হয়েছে। কারো হেড ইনজুরি আছে, কারো ফ্র্যাকচার আছে। ইতোমধ্যে অনেকেই চিকিৎসা নিয়েছেন। কিন্তু বেশ কিছু সংখ্যক আমাদের সদস্যকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এবং বিশেষায়িত চিকিৎসাও নিতে হবে। তাদেরকে আমি দেখতে এসেছিলাম। তাদেরকে সাহস জুগিয়েছি, প্রশংসা করেছি এবং তাদেরকে পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এখন ল ইন অর্ডার এসেছে এবং তারা জনআস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্য সহকারে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করেছে। আপনারা লক্ষ্য করেছেন শ্রমিক অসন্তোষের সময় তারা নিজেরা আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, কিন্তু কোনো শ্রমিক ভাই বোনদের গায়ে হাত দেয়নি। কোনো ইনজুরি হয়নি, কোন ক্যাজুয়ালিটি হয়নি। সেটা দেশে এবং বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় বিজিবি সদর দপ্তরে শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান।

হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও আইজিপি মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ২১ নভেম্বর তাকে পিলখানাস্থ শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালেকুজ্জামান (৪৭) এবং সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন। এতে লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একই ঘটনায় সিপাহী রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ডান হাত ও বাম পায়ের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।
বর্তমানে আহত তিনজন বিজিবি সদস্যই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।