২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকি রয়েছে তার। তা সত্ত্বেও আগামী ১৬ই ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তার এই সিদ্ধান্তের পেছনে কী কারণ এবং এর ফলে বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব পড়তে পারে, তা বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা।
শুক্রবার বৃটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী, আগামী মাসে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এটি আপাতদৃষ্টিতে এক অসম্ভব মিশন। কারণ দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঝুঁকি রয়েছে। ৭৯ বছর বয়সী শেখ হাসিনা টানা ১৫ বছর বাংলাদেশ শাসন করেছেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে তার শাসনের অবসান ঘটে। এরপর তিনি ভারতে পালিয়ে যান। ওই অভ্যুত্থানের সময় দমন-পীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বছর একটি ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন।
নয়াদিল্লিতে নির্বাসিত জীবন কাটালেও বাংলাদেশের রাজনীতিতে আবারো আলোড়ন তুলেছেন শেখ হাসিনা। হাসিনা আগামী ১৬ই ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, দিনটি বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিজয় দিবস হিসেবে পালিত হয়। শেখ হাসিনা বলেছেন, মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তাহলে আমি আমার নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যে মরতে চাই।
বাংলাদেশে এখন প্রশ্ন উঠেছে, দেশে ফিরে তিনি কী অর্জন করতে চান? আর হাসিনার পতনের পর গত ফেব্রুয়ারিতে প্রথম নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা তারেক রহমানের নতুন সরকার কীভাবে তার এই সিদ্ধান্ত মোকাবিলা করবে? দেশে নিষিদ্ধ থাকলেও শেখ হাসিনার দল আওয়ামী লীগের এখনো সমর্থন রয়েছে। দলটি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে—এমন আশঙ্কাও রয়েছে।
লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়াল বলেন, বাংলাদেশের সামনে একটি সিদ্ধান্ত নেয়ার বিষয় রয়েছে: শেখ হাসিনাকে আবার দেশকে অস্থিতিশীল করতে দেয়া, নাকি তার প্রত্যাবর্তনকে জাতীয় নিরাময়ের সূচনা হিসেবে ব্যবহার করা।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রাণঘাতী সহিংসতায় অস্থির হয়ে উঠেছে। নতুন সরকার এসব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে।
সরকারের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, শেখ হাসিনার দলের সদস্যরা “নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন” এবং “তার দেশে ফেরা নিয়ে প্রচারণা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন”।
ইতিমধ্যে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানিয়েছে। সেই সঙ্গে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করার অনুরোধও বিবেচনা করেনি।
এনিয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কেবল “হাতকড়া পরা অবস্থায়” অথবা “কঠোর নজরদারির মধ্যে”।
নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। দলটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একটি সুসংগঠিত রাজনৈতিক সংগঠন। শেখ হাসিনা স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমানের মেয়ে।
রাজনৈতিক সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি জানিয়েছে, চলতি মাসে আওয়ামী লীগের সমর্থকরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গার ঘটনা ঘটিয়েছেন। এতে ২০২৪ সালের আগস্টের পর থেকে রাজনৈতিক সহিংসতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওই মাসেই বিক্ষোভের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।
ড. ইউনূস বলেছেন, তার প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় নভেম্বরে পেট্রোল বোমা হামলা হয়েছে। তবে চলমান সহিংসতার পেছনে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ।
‘দেশে ফিরে জনগণের পাশে দাঁড়াতে চান হাসিনা’: শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ আলী আরাফাতের দাবি, দুই বছরের বেশি সময় ধরে তার অনুপস্থিতিতে দুর্ভোগের শিকার হওয়া মানুষের পাশে দাঁড়াতেই দেশে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী।
আরাফাত বলেন, তিনি বিচার মোকাবিলা করতেও ফিরতে চান। একই সঙ্গে পুরো বিশ্বকে দেখাতে চান, কীভাবে এই বিচারকে প্রভাবিত করা হয়েছে।
তার অভিযোগ, স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ না দিতে বিএনপি সরকার নানা প্রক্রিয়া, নথিপত্র ও কারিগরি বিষয়কে অজুহাত হিসেবে ব্যবহার করছে।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রায়হান রশীদ বলেন, কোনো সরকারই একজন নাগরিককে তার নিজের দেশে ফিরতে বাধা দিতে পারে না। শেখ হাসিনার ক্ষেত্রে ঢাকা আইনি বিবেচনার চেয়ে রাজনৈতিক বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও মনে করেন তিনি।
তবে বিশ্লেষকদের ধারণা, দেশে ফেরার সিদ্ধান্তের পেছনে শেখ হাসিনার সমর্থকগোষ্ঠীকে আবার সংগঠিত করার এবং আওয়ামী লীগের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন নতুন সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্য থাকতে পারে।
ঢাকার জন্য ঝুঁকি হলো, শেখ হাসিনা দেশে ফিরলে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। এতে সরকার কঠোরভাবে হস্তক্ষেপ করতে বাধ্য হতে পারে।
লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রধান নাওমি হোসেন মনে করেন, আওয়ামী লীগ দেখাতে চাইছে, তাদের ছাড়া বাংলাদেশ শাসন করা সম্ভব নয়।
এদিকে পোশাকশিল্পের শ্রমিকদের বেতন নিয়ে বিক্ষোভও সামাল দিতে হচ্ছে ঢাকাকে। চলতি মাসে শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছেন। এমন পরিস্থিতিতে নতুন করে রাজনৈতিক সহিংসতার আরেকটি পর্ব সামাল দেয়ার সামর্থ্য সরকারের সীমিত।
আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে “পাল্টা বিপ্লব ঘটবে না”। তবে আওয়ামী লীগ সরকারকে চাপে ফেলতে যথেষ্ট সমর্থক সংগঠিত করতে পারে।
তিনি বলেন, তাকে দেশে ফিরতে দেয়া হলে তিনি তার বিরোধীদের ক্ষুব্ধ করবেন। আর তাকে ফিরতে দেয়া না হলে, কিংবা তিনি নিজেই না ফিরলে, তার সমর্থকরা ক্ষুব্ধ হবেন।
বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন জটিলতা: শেখ হাসিনার অবস্থান ভারত ও বাংলাদেশের সম্পর্কেও টানাপড়েন তৈরি করেছে। ঢাকা একাধিকবার নয়াদিল্লির কাছে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে, কিন্তু তাতে সাড়া মেলেনি। ভারতের মাটি থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়ার বিষয়েও বাংলাদেশ বারবার উদ্বেগ জানিয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরা “দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে সহায়তা করতে পারে”।
এদিকে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ নয়াদিল্লি প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করছে। তবে তিনি বলেন, কোনো নাগরিক ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের বিষয় থেকে আলাদা।
এ ছাড়া ভারতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, দিল্লি তাকে শুধু চলে যেতে দেবে না; এ ক্ষেত্রে কিছু শর্ত, সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা থাকতে হবে। আমরা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবো না।
ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ ফেলো শাফকাত মুনিরের মতে, সশস্ত্রবাহিনী সহ বাংলাদেশের অধিকাংশ মানুষ শেখ হাসিনার শাসনামলের অধ্যায় পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান।
মুনির বলেন, তার অন্ধ অনুসারীদের কিছু অংশ ছাড়া অধিকাংশ বাংলাদেশি সামনে এগিয়ে যেতে চান। সরকারের উচিত দৃঢ় অবস্থান নেয়া এবং বিচার নিশ্চিত করা।
