জোটসঙ্গী ও নিরপেক্ষ ভেন্যু চায় জামায়াত

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ

জোটসঙ্গী ও নিরপেক্ষ ভেন্যু চায় জামায়াত

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক সংলাপে বসতে ইতিবাচক প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। তবে এককভাবে নয়, ১১ দলীয় জোটের শরিকদের সঙ্গে নিয়ে আলোচনার টেবিলে বসতে চায় দলটি। একইসঙ্গে সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো ভেন্যুতে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি। সরকার ও বিএনপি’র পক্ষ থেকে যোগাযোগের পর দলটি তাদের এ অবস্থানের কথা জানিয়েছে। সংলাপে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য রাজনৈতিক দলকেও অন্তর্ভুক্ত করার পক্ষে অবস্থান নিয়েছে তারা।

এদিকে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময়েও ১১ দলীয় ঐক্যকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। সব ঠিক থাকলে আগামী রোববার জোটের শরিকদের নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসবে তারা। এজন্য আলোচনায় উত্থাপনের দাবি-দাওয়া চূড়ান্ত করতে শুক্রবার ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়েছে। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, জাতীয় সংলাপ এবং নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে প্রস্তাবিত সংলাপে সম্মিলিতভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ, নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলের অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়।

দলীয় সূত্র জানায়, সরকার ও বিএনপি’র পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড়। এ ছাড়া সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে বসার বিষয়টিও জানিয়েছি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও জানিয়েছেন, সরকারের সঙ্গে সংলাপে অংশ নেয়ার প্রক্রিয়া নিয়ে দলটির নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। ১১ দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংলাপের দিনক্ষণ ঠিক হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে এনসিপি থাকবে বলে তাদের জানানো হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়েও ১১ দল জোটগতভাবে অংশ নেবে।

সম্মিলিত সংলাপের পক্ষে জামায়াত: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেয়ার পর থেকেই সম্মিলিত আলোচনার পক্ষে অবস্থান জানিয়ে আসছে জামায়াত। দলটির প্রত্যাশা ছিল, জাতীয় ঐকমত্য কমিশনের আদলে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে সম্মিলিত সংলাপের আয়োজন করা হবে। পৃথক বৈঠকের পরিবর্তে সব পক্ষকে এক টেবিলে বসিয়ে আলোচনা করাকেই জাতীয় ঐক্যের জন্য বেশি কার্যকর মনে করে দলটি।
রাজনৈতিক সূত্রগুলো জানায়, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী সর্বদলীয় গণমিছিলের প্রস্তাব দিয়েছিলেন। তবে গণমিছিলের পরিবর্তে আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

গত ১৮ই নভেম্বর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের পাশাপাশি বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা ছিল। তবে নাহিদ ইসলাম যুক্তরাজ্য সফরে থাকায় বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। গত রোববার দেশে ফেরার পর রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, ওই বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নাহিদ ইসলামকে এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরামর্শ দেন। বৈঠকে এনসিপি’র প্রতিনিধিরা জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এরই মধ্যে নাহিদ ইসলামকে মতবিনিময়ের আমন্ত্রণ জানানো হয়েছে। পরে সোমবার বেলা একটায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি’র বৈঠক অনুষ্ঠিত হয়। নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেয়।
এনসিপি’র একক বৈঠকের বিষয়টি জানার পর ১১ দলীয় ঐক্যের বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকার জোটকে সংলাপে আমন্ত্রণ জানালে তারা তাতে অংশ নেবে। পাশাপাশি পরবর্তী দফার আলোচনায় এনসিপিকেও অন্তর্ভুক্ত করতে হবে।

এবার সম্মিলিত সংলাপে অংশ নেয়ার বিষয়ে আপত্তি নেই এনসিপিরও। দলটির রাজনৈতিক পর্ষদের সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা এককভাবে দল হিসেবে অংশ নিয়েছি। এখন যদি জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত হয় জোটগতভাবে সংলাপে বসার, তা হলে সেক্ষেত্রে আমাদের আপত্তি নেই। আমরা অংশ নেবো।

অন্যদিকে জামায়াতের পক্ষ থেকেও এনসিপিকে জানানো হয়েছে, ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে দলটির অংশগ্রহণ থাকবে।
সরকারের সঙ্গে সংলাপে জোটগত অংশগ্রহণ, নিরপেক্ষ ভেন্যু এবং আলোচনায় অন্যান্য রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। তবে সংলাপের দিনক্ষণ, ভেন্যু ও আলোচনার পরিধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গতকাল ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসি’র সঙ্গে আলোচনার ক্ষেত্রেও জামায়াতে ইসলামী এককভাবে অংশ নেবে না। ১১ দলের সম্মিলিত অবস্থান থেকেই সেখানে অংশ নেয়া হবে।

এসব বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের মানবজমিনকে বলেন, এবার ১১টি দল আমরা একসঙ্গে বসতে চাচ্ছি। বিষয়টি সরকার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

তিনি বলেন, এটি জাতীয় সংলাপের বিষয় এবং এর মাধ্যমে জাতির উদ্দেশ্যে একটি বার্তা যাবে। তাই বৈঠকটি এমন একটি স্থানে হওয়া উচিত, যেটি সব দিক বিবেচনায় নিরপেক্ষ। অতীতেও এ ধরনের বৈঠক সরাসরি সরকারি কার্যালয়ের বাইরে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হওয়ার নজির রয়েছে।