গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক

গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ পুড়িয়ে ধ্বংস এবং সরঞ্জাম লুটের অভিযোগে একটি মামলা হয়েছে। এ মামলায় নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পাঁচ হাজার জনকে। গত ২৩শে নভেম্বর টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন বিজিবি’র খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী। বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু। এদিকে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। এদিকে গোপালগঞ্জ জেলায় ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি’র দায়ের করা মামলার এজাহারে নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন- গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামছুল হক, সহ-সভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালু। এ ছাড়া আরও দু’জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ই নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় টহল দলটি। পথে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে একদল লোক সড়কে গাছ ফেলে বিজিবি’র চলাচলে বাধা সৃষ্টি করে।

বিজিবি সদস্যরা তাদের সরে যেতে অনুরোধ করলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং বিজিবি’র একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেয়া হয়। হামলা ঠেকাতে গেলে বিজিবি’র নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন।
হামলায় বিজিবি’র একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে যায়। অন্য একটি এপিসি’র টায়ার, ফগ লাইট ও একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বিজিবি’র গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়।
এজাহারে এসব ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবি’র গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে মামলা করা হয়েছে।
এদিকে, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। বৃহস্পতিবার ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়া হয়েছে। ওজোপাডিকোর ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দলমত নির্বিশেষে সব শ্রেণির গ্রাহকের প্রতি বিদ্যুৎ অবকাঠামো, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু না করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, গত ১৯শে নভেম্বর ১০০ থেকে ১৫০ জন তার কার্যালয়ের কম্পাউন্ডে ঢুকে পড়েন। এ সময় তারা অফিসের একটি কাঁচ ভেঙে ফেলেন এবং শেখ মুজিবুর রহমানের ছবি টাঙ্গিয়ে দেন। এরপর হামলার আশঙ্কায় কার্যালয়ের কর্মীরা বাইরে যেতে ভয় পাচ্ছেন।

মাঈন উদ্দিন বলেন, স্টাফরা বাইরে গিয়ে কাজ করেন। তারা যদি ভয়ে কাজ করতে না পারেন, তাহলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, ভবিষ্যতে বিদ্যুতের গাড়ি বা জনবলের ওপর হামলা হলে কাজ চালিয়ে যাওয়া কঠিন হবে। কর্মীরা কাজ করতে না পারলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই সবাইকে সতর্ক ও সচেতন করতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।