রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান (২৬) নামে হোটেল ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে ওয়ারী ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের কোপে হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) এবং কর্মী মো. হাসান (২৬) নামে আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোটেল ওসমানীর সামনে প্রতি রাতেই অস্থায়ী মুরগির বাজার বসে। এতে হোটেলে আসা গেস্টদের গাড়ি রাখা নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে মধ্যেই বিরোধ হয়। অন্যদিনের মতো বৃহস্পতিবার রাতে হোটেলের সামনে বসা বাজারের খাঁচা থেকে বের হয়ে একটি মুরগি হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলের দারোয়ানের সঙ্গে মুরগির দোকান-মালিক এনায়েত কাজীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে এনায়েত কাজী হোটেলের দারোয়ানকে বেধড়ক মারধর করে। ওই সময়ে হোটেলের রিসিপশন থেকে ভেতরে কর্মকর্তা-কর্মচারীদের ফোন করে বলা হয়— দারোয়ানকে মারধর করা হচ্ছে। খবর শুনে হোটেলের ভেতর থেকে জিএম আবদুর রাজ্জাক, ম্যানেজার নাঈমুর রহমানসহ বেশ কয়জন কর্মচারী বাইরে রিসিপশনে এসে মুরগির দোকান-মালিক এনায়েতকে নিভৃত করার চেষ্টা করেন। ওই সময় উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে এনায়েত তার ছেলে ইরান কাজীকে ফোন করে লোকজন নিয়ে আসতে বলেন। কিছুক্ষণ পরই ইরানসহ ১৫-২০ জনের একটি দল হোটেলের রিসিপশনের সামনে এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করে। সামনে যাকে পেয়েছে তাকেই কোপাতে থাকে। ওই সময় হোটেলের জিএম আবদুর রাজ্জাকের ওপর হামলা চালায় ইরান। তখন তাকে বাঁচাতে এগিয়ে আসলে ম্যানেজার নাঈমুরকেও এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। ওই সময় হোটেলের কর্মী হাসানও আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। বাকিদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে হোটেল কর্মচারী রাফি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ডিউটি শেষে আমরা বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ শুনি আমাদের দারোয়ানকে মারা হচ্ছে। পরে আমরা নিচে নেমে জিজ্ঞাসা করি কি হয়েছে এবং ঘটনাটি মীমাংসার জন্য আলোচনা করতে থাকি। তখন অভিযুক্ত এনায়েত কাজী ফোন করে তার ছেলেসহ আরও কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আসে। আলোচনার একপর্যায়ে হঠাৎ সে এবং তার ছেলে জিএম স্যারকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় স্যারকে বাঁচাতে নাঈমুর এগিয়ে আসলে তাকেও কোপাতে থাকে, পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদ বলেন, নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ থানার দুদুখান গ্রামে। তিনি গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে ওই আবাসিক হোটেলেই থাকতেন। তার মা অনেক আগেই মারা গেছেন। বাবাও অসুস্থ। বড় একটি ভাই আছে অ্যাবনরমাল। এই নাঈমই পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি ছিলেন। অভাবের তারণাতেই সে এই হোটেলে কাজ নেয়। নাঈম একজন নিরীহ মানুষ। মুরগির দোকান নিয়ে হোটেল মালিকের দ্বন্দ্ব। সেখানে এই এই ছেলেকে হত্যা করা হলো কেন? আমরা এর সুষ্ঠু বিচার চাই। তিনি বলেন, এই মুরগির দোকানের মালিক এনায়েত কাজী টিকাটুলির স্থায়ী বাসিন্দা। স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তারা পরিকল্পিতবাবে এই হত্যাকাণ্ড চালিয়েছে। তাদের সর্বোচ্চ বিচার দাবি করছি আমরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত আবদুর রাজ্জাকের নাতি মো. জুবায়ের বলেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতবাবে মুরগির দোকানটির মালিক এনায়েত কাজী ও তার ছেলে ইরান কাজী হোটেলে প্রবেশ করেন। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে আহত করেছেন। তন্মধ্যে হোটেল ম্যানেজার নাঈমুরের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, আমরা হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এনায়েত ও ইরানকে শনাক্ত করেছি। তবে ঘটনার পরই মুরগির দোকানের মালিক ও তার ছেলে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
