টানা এক মাস পর ইনানীর গ্যাসকূপের আগুন নেভাতে সক্ষম হয়েছে বাপেক্সের কারিগরি দল। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তবে আগুন নিভলেও কূপটিকে সম্পূর্ণ নিরাপদ করতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে বলে জানিয়েছেন বাপেক্সের কর্মকর্তারা। তাদের মতে, ভূগর্ভস্থ চাপ নিয়ন্ত্রণ, গ্যাসের প্রকৃতি নির্ধারণ এবং ভবিষ্যৎ অনুসন্ধানের প্রস্তুতি শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে বিশেষজ্ঞ দলের কার্যক্রম চলবে। শুক্রবার সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুন নেভানো হয়।
বাপেক্সের ড্রিলিং টিমের কর্মকর্তা রকিবুল হাসান জানান, এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কারিগরি কার্যক্রম। কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেয়া হয়। এতে কূপের মুখে গ্যাসের চাপ কমে আসে এবং ধীরে ধীরে আগুন নিভে যায়। এ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন শুরু হবে কূপটির পরবর্তী কারিগরি কার্যক্রম। বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, কূপের গভীরতা বিবেচনায় ড্রিল পাইপ পুনরায় প্রবেশ করিয়ে প্রায় এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় কূপের ভেতরে প্রয়োজনীয় ড্রিলিং মাড ব্যবহার করা হবে, যা ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে আগুন নেভাতে চূড়ান্ত অভিযান শুরু করে বাপেক্সের কারিগরি দল। উল্লেখ্য, গত ২৭শে অক্টোবর কক্সবাজারের ইনানী ইউনিয়নের ছোট ব্রিজ এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড চাপে গ্যাস উদ্গীরণ শুরু হয়। কিছুক্ষণ পর পাশের বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট স্পার্কের কারণে গ্যাসে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো এলাকা আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন হয়ে পড়ে।
এরপর থেকে টানা ৩১ দিন ধরে দিন-রাত জ্বলতে থাকে আগুন। ঘটনার পরপরই বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিভিন্ন ধাপে গ্যাসের চাপ কমানো, নিরাপত্তাবেষ্টনী তৈরি, বিশেষ যন্ত্রপাতি স্থাপন ও কারিগরি বিশ্লেষণের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। শেষ পর্যন্ত শুক্রবারের সফল কারিগরি কার্যক্রমের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাস লাইনের মাধ্যমে বের হওয়া গ্যাসের দু’টি নমুনা সংগ্রহ করেছেন বাপেক্সের কারিগরি কর্মকর্তারা। বাপেক্সের ব্যবস্থাপক এসএম নাফিসুল আরফান জানান, নমুনা দু’টি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। পরীক্ষার মাধ্যমে গ্যাসের রাসায়নিক গঠন, উপাদান ও গুণগত মান সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি গ্যাসটির সম্ভাব্য বাণিজ্যিক মূল্যায়নেও এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
