‘৫-৬টা গেরিলা হোলাহাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো। ধামধুম বাড়িঘর জ্বালাই দিব।’ মুঠোফোনে মামুন নামে একজনকে এভাবেই নির্দেশনা দেয়ার অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃহস্পতিবার রাতে এমন নির্দেশনার একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়দের দাবি, মুঠোফোনে নির্দেশনা দেয়া ব্যক্তি লক্ষ্মীপুরের প্রয়াত মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লব। তবে নির্দেশনা পাওয়া মামুনের পরিচয় জানা যায়নি।
অডিওতে বিএনপি ও জামায়াত নেতাদের হত্যার পরিকল্পনার পাশাপাশি তাদের বাড়িঘরে আগুন দেয়া ও হামলার পর অন্য দলের ওপর দায় চাপানোর নির্দেশনা দেয়া হয়। মামুনকে উদ্দেশ করে বলতে শোনা যায়, যখনই দেখা যাবে ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হচ্ছে, তখনই বিএনপি-জামায়াতের গোটা দশকে ব্যক্তিকে ধরে মারতে হবে। এর মধ্যে যেসব নাম বলা হয়েছে, তার দু-চারজনকে ফেলে (হত্যা) দিতে দিতে হবে। কারণ, পরে আর এসব ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। ভাইয়ের জন্য মাথা ঠান্ডা রেখে দূর থেকে বসে বসে এটি যেন করা হয়।
জেলা যুবলীগের সভাপতি হতে আগ্রহী জানিয়ে বিপ্লবকে বলতে শোনা যায়, তার জন্য মিছিল করা যাই কি না, দেখতে হবে। মিছিল বলতে, ব্যানারে তার নাম থাকবে, শেখ হাসিনার নামও থাকবে। শিরোনাম থাকবে—শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ব্যানারের একপাশে বঙ্গবন্ধু ও তার বাবা আবু তাহেরর ছবি থাকবে। শেষে আরও শোনা যায়, দ্বিতীয় এবং স্থায়ী কাজ হলো পাঁচ-ছয়জন গেরিলা ছেলেপুলে প্রস্তুত করা, তাদের ‘স্টাবলিশ’ করে দেয়া হবে। তাদের শুধু রক্তপিপাসু মানসিকতার হতে হবে। তবে মনটা থাকতে হবে নরম। মানুষের জন্য প্রেম থাকতে হবে, দলের শৃঙ্খলাও মানতে হবে।
এ প্রসঙ্গে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিপ্লব আত্মগোপনে রয়েছেন। তাকে আইনের আওতায় আনার জন্য সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।’
জানা যায়, বিপ্লবের বাবা আবু তাহের লক্ষ্মীপুর পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার ভাই এ কে এম সালাহ উদ্দিন টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। টিপু বর্তমানে পলাতক। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিপ্লবের বাসার সামনে এবং শহরের মাদামব্রিজ এলাকায় ৪ শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। শিক্ষার্থী হত্যার ঘটনায় হওয়া দু’টি মামলায় বিপ্লবও আসামি। তাকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে বিপ্লবের মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। এ ছাড়া জেলায় ইসলামী ছাত্রশিবিরের নেতা এ এস এম মহসিন ও কামাল হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। বিএনপি নেতা নুরুল ইসলামকে খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও এ এইচ এম বিপ্লব ২০১৮ সালের ৯ অক্টোবর রাষ্ট্রপতির ক্ষমায় কারাগার থেকে বের হয়ে আসেন। শিবির নেতা মহসিন ও কামাল হত্যা মামলার সাজাও আবেদনের পরিপ্রেক্ষিতে কমিয়ে ১০ বছর করেন রাষ্ট্রপতি।
