বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনা মনের চোখ ফোটানোর অভিযাত্রা

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনা মনের চোখ ফোটানোর অভিযাত্রা

ফন্ট সাইজ:

সুরসিক সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী বলেছিলেন, ‘বই কিনে কেউ দেউলিয়া হয় না’। কথাটা নিঃসন্দেহে সত্যি, কারণ বই কিনলে টাকা খরচ হয়ে যায় ঠিকই, কিন্তু বই পড়লে মানসিকতা সম্পন্ন হয়ে ওঠে। আনাতোল ফ্রাঁস বলেছিলেন, ‘বই পড়লে মানুষের মনের চোখ একটি-একটি করে ফুটতে থাকে’।
কিন্তু সে কথা শুধু ভালো বইয়ের জন্যই সত্যি। মানহীন বই কিনলে পয়সার অপব্যয়ও হয়, সে বই পড়লে মনের মধ্যেও জঞ্জাল ছাড়া আর কিছুই জমা হয় না। পাঠকের হাতে ভালো বই তুলে দেয়া তাই জাতির মানসিক সম্পন্নতা বাড়ানোর পথে খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই দায়িত্ব পালন করে প্রকাশনা সংস্থাগুলো, অন্তত তা-ই তাদের করার কথা।
একটা প্রকাশনা সংস্থার দায়িত্ব কী? মূল দায়িত্ব হলো হাজার রকমের পাণ্ডুলিপির মধ্যে থেকে যাচাই বাছাই করে ভালো, পাঠযোগ্য বই প্রকাশ করা এবং পাঠককে ভালো বই কিনতে আহ্বান জানানো। কিন্তু বাংলাদেশে হাতেগোনা কিছু প্রকাশনা সংস্থা ছাড়া আর কেউ যে সে দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করছে, সে কথা হলফ করে বলা যাবে না। যেসব পাঁড় পাঠক ফি-বছর বইমেলায় সব স্টলে ঢুঁ দেন, তারা এর সত্যতা জানেন।
সে কারণেই শুধু বইমেলা নয়, বছর জুড়ে বই কেনার সময় বিশ্বসাহিত্য কেন্দ্র আমার বড় ভরসার জায়গা। শুনেছি, ১৯৮৯ সাল থেকেই বিশ্বসাহিত্য কেন্দ্র বই প্রকাশ করে যাচ্ছে। তিরিশ বছর আগে একবার বিশ্বসাহিত্য কেন্দ্রের বই কেনার সময় পেছনে লেখা দেখেছিলাম, ‘বিশ্বসাহিত্য কেন্দ্রের বই বাছাই করে কিনতে হয় না। কারণ সযত্ন বাছাইয়ের পরেই আমরা একটি বই প্রকাশ করি।’ পড়ে ভালো লেগেছিল, এবং পরে দীর্ঘদিনের বই কেনার অভিজ্ঞতায় প্রমাণ পেয়েছি, কথাটি সত্য।
বিশ্বসাহিত্য কেন্দ্র বাংলাদেশে পাঠাভ্যাস গড়ে তোলার জন্য প্রায় পঞ্চাশ বছর ধরে কাজ করে চলেছে। বই ছাপানোর ক্ষেত্রেও সেটিই বিশ্বসাহিত্য কেন্দ্রের মূল লক্ষ্য- মননশীলতার চর্চাকে উৎসাহ দেয়ার জন্য এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানোর জন্য বাংলা ভাষার ও পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যভাণ্ডারের গুরুত্বপূর্ণ বইগুলোই পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে।
বিশ্বসাহিত্য কেন্দ্র বিশ্বের বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ সাহিত্য, দর্শন, ইতিহাস আর বিজ্ঞানের বইগুলো ‘বিশ্বের চিরায়ত গ্রন্থমালা’ প্রকল্পের আওতায় বাংলা ভাষায় অনুবাদ করে প্রকাশ করছে। বহু ভাষা না জানলেও ক্ষতি নেই, শুধু বাংলা জানলেই এই বইগুলো থেকে পাঠক আন্তর্জাতিক জ্ঞানসম্পদের আনন্দযজ্ঞে নিমন্ত্রণ পেয়ে যাবেন। প্লুটার্ক, অ্যারিস্টটল, কালিদাস, ভার্জিল, গোগল, দস্তয়েভস্কি, স্টাইনবেক, কাম্যু, জোলা- এমন বহু মহান লেখকের বিশ্বখ্যাত লেখাগুলো খুব উঁচু মানের, সহজে পড়ার মতো অনুবাদে বাঙালি পাঠক পেয়ে যাবেন।
বাংলা ভাষার নিজস্ব সাহিত্যভাণ্ডারের আছে ‘বিবিধ রতন’- সেই বইগুলো বিশ্বসাহিত্য কেন্দ্র ‘চিরায়ত বাংলা গ্রন্থমালা’ প্রকল্পের আওতায় প্রকাশিত হচ্ছে। বিশেষ করে তরুণ যেসব পাঠক ধ্রুপদী বাংলা সাহিত্য খুব বেশি পড়ার সুযোগ পাননি, তারা এই বইগুলো পড়লে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে পুরোপুরি জানবেন।
পাঠাভ্যাস গড়ে তোলার শ্রেষ্ঠ সময় হলো ছোটবেলা। শিশু ও কিশোরদের উপযোগী বই প্রকাশ করার জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের আছে ‘কিশোর সাহিত্য গ্রন্থমালা’ প্রকল্প। আমি নিজে স্কুলে পড়ার সময় কয়েকবার এই গ্রন্থমালার কিছু বই উপহার পেয়েছি। আমার শ্রদ্ধেয় শিক্ষকরা নিশ্চয়ই বিচার-বিবেচনা করেই এই বইগুলো কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ প্রতিটি বই থেকেই এমন কিছু জিনিস শিখেছি যা আজ পর্যন্ত কাজে লাগছে। অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষ এই বইগুলো শিশু-কিশোরদের পড়তে উৎসাহিত করলে তাদের সামগ্রিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
বই প্রকাশের ব্যাপারে বিশ্বসাহিত্য কেন্দ্রের সামপ্রতিকতম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো ২০৯ খণ্ডে ‘বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ’ প্রকাশ করা। গত দুইশ’ বছরে বাঙালি মনীষীরা শিক্ষা, সাহিত্য, সমাজ, দর্শন, রাজনীতি, বিজ্ঞানসহ নানা ক্ষেত্রে তাদের সারা জীবনের চিন্তা ও চর্যার সারমর্ম হিসেবে যা লিখেছেন, সেসব রচনাকে গুছিয়ে এক জায়গায় করে বিশ্বসাহিত্য কেন্দ্র আমাদের তুলে দেয়ার উদ্যোগ নিয়েছে। এমন উদ্যোগ শুধু একাডেমিক গবেষকদের নয়, চিন্তাশীল ও জ্ঞানপিপাসু যেকোনো পাঠকের কাজে লাগবে। ব্যক্তি-পাঠকের পক্ষে পুরো রচনা-সংগ্রহ কিনে নেয়া ব্যয়সাপেক্ষ, তারা বিষয়ভিত্তিক রচনা-সংগ্রহ কিনে নিতে পারেন। অন্যদিকে শিক্ষায়তন, বাণিজ্যিক ও সামাজিক সংগঠনের পক্ষে পুরো জ্ঞানভাণ্ডারটিই সংগ্রহ করে সংরক্ষণ করা সম্ভব। এমন উদ্যোগ বাংলাদেশে বাণিজ্যিকভাবে খুব লাভজনক নয়, সেটি জেনেও বিশ্বসাহিত্য কেন্দ্র এই গুরুদায়িত্ব পালন করেছে। এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে পাঠকের তরফ থেকে অভিবাদন ও ধন্যবাদ জানাই।
বিশ্বসাহিত্য কেন্দ্রের মূলভবনের দ্বিতীয় তলার বিক্রয়কেন্দ্রে সবগুলো বই-ই পাওয়া যায়, এবং অনেক সময় মূল্যছাড়ের সুযোগ থাকে বলে আমি নিজেও সেখান থেকে নিয়মিত বই কিনি। এ ছাড়াও একুশে বইমেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সুসজ্জিত স্টল থেকেও বই কেনার সুযোগ আছে। বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃপক্ষ অনলাইনে বই কেনার সুযোগ দিলে সারা দেশের আরও অনেক পাঠক উপকৃত হবেন বলে মনে করি। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনা অব্যাহত থাকুক, মানবিক মূল্যবোধসম্পন্ন লাখ লাখ পাঠক তৈরি করে জ্ঞানভিত্তিক সমাজের ভিত স্থাপন করুক। অন্ধকার যতই ব্যাপক হোক, একটি দীপের আলোয় তা দূর হতে পারে। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রত্যেক বই অনির্বাণ প্রদীপ হয়ে জ্বলুক।


লেখক: গবেষক,
ব্যবস্থাপনা পরিচালক, কিমেকারস কনসাল্টিং লিমিটেড।