বাংলাদেশে পতিত স্বৈরাচারের ফিরে আসার সুযোগ নেই-স্বরাষ্ট্রমন্ত্রী

ফন্ট সাইজ:

বাংলাদেশের মাটিতে কোনোদিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেয়া হচ্ছে। আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে, যা তাদের অতীত ইতিহাস। তবে, বাংলাদেশে তাদের সেই অপচেষ্টা সফল হতে দেয়া হবে না। এদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, পরাধীনতাকামী ও সেবাদাস কোনো পতিত শক্তি রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে বাংলাদেশের সব নাগরিক ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে অবস্থান নেবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চায় বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে। মতের ভিন্নতা থাকবে, তর্ক-বিতর্কও হবে। কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য আবারো প্রতিষ্ঠা করতে হবে। সেই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

বাংলাদেশ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমীর আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী, পুলিশ সুপার বদরুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা। দুই দিনব্যাপী এ মাহফিল ও ইসলাহী ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেন।