ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আওয়ামী লীগ: রিজভী

ফন্ট সাইজ:

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা জনগণ ও ছাত্রদের ধাওয়া খেয়ে পালিয়ে গেছেন। কিন্তু হত্যার নেশা, রক্তের স্বাদ তার যায়নি। তিনি আরও রক্ত পান করতে চান। তাই এখন যারা বাংলাদেশে আছে, তাদের কাছে টাকা পাঠাচ্ছেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে বলছেন।’ গতকাল বিকালে মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, “তারা কত বড় ঘাতক এবং হত্যাকারী। ১ হাজার ৪০০ শিশু-কিশোরকে হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। রিকশাচালক ও শ্রমিকদেরও হত্যা করেছে।” তিনি বলেন, পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশকে রক্তাক্ত করার চেষ্টা চলছে। তবে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে সেই চেষ্টা সফল হচ্ছে না। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা ভারতে বসে বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন। সেই টাকা দিয়ে স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল তুলে দেওয়া হচ্ছে, পেট্রোল ছিটিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হচ্ছে এবং বিএনপির নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে এত আগুন লাগানোর ঘটনা ঘটলেও তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর কাউকে গুলি করার নির্দেশ দেননি। সভ্য দেশের ক্ষমতায় সভ্য মানুষ থাকলে তারা অস্ত্র ও খুনের ভাষায় কথা বলেন না। তিনি বলেন, ‘শেখ হাসিনার এত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মধ্যেও তারেক রহমান পুলিশকে দিয়ে কোথাও কাউকে গুলি করে হত্যা করতে বলেননি। এটাই শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের পার্থক্য। তারেক রহমান মানবতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং শান্তির পক্ষে।’ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপি’র কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক। সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ। সভাপতিত্ব করেন- লৌহজং উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো. রাশেদ। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।