জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে উঠবে। জাতীয় ঐক্যের কথা বলে গণভোটের রায় উপেক্ষা করার সুযোগ নেই। সরকার জনগণের রায় মেনে নিলে জনগণই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ মোকাবিলায় দাঁড়িয়ে যাবে। শুক্রবার চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলরের অংশগ্রহণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে- শিল্প মালিকদের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত নেই। তবে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে, সেটিও মনে রাখতে হবে। যেসব শ্রমিকের ঘাম ও কঠোর পরিশ্রমে শিল্পপ্রতিষ্ঠান টিকে আছে, তাদের ন্যূনতম অধিকার নিশ্চিত করা হচ্ছে না। যে শ্রমনীতি শ্রমিকের দু’বেলা খাবার ও অসুস্থতায় চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না, সেই শ্রমনীতি দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ এ বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হলে জনগণ তা মেনে নেবে না। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দিল্লি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তা কখনোই মেনে নেয়া হবে না। জাতীয় ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরাও জাতীয় ঐক্যের পক্ষে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকারই ঐক্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম এবং ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ২০২৭-২০২৮ সেশনের জন্য এস এম লুৎফর রহমান পুনরায় চট্টগ্রাম মহানগর সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তালেব চৌধুরী। নির্বাচন পরিচালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম এবং ফেডারেশনের সাবেক মহানগর সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ। এ ছাড়া বক্তব্য দেন- চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, সংসদ সদস্য জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় মানুন- গোলাম পরওয়ার
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৮ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
