পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মমতাবিরোধী গোষ্ঠীর ঋতব্রতর নাম খারিজ আদালতের রায়ে

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মমতাবিরোধী গোষ্ঠীর ঋতব্রতর নাম খারিজ করে দিয়েছে আদালতে। বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চের নির্দেশ, স্পিকারকে ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। আগামী ১০ দিন রাজ্যে বিরোধী দলনেতার পদ শূন্যই থাকছে। গত ৩রা জুন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার ওই সিদ্ধান্ত খারিজ করে দিলো উচ্চ আদালত। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনেছিল। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ মামলাটি সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠায়। গত শনিবার এই মামলার শুনানির পর রায় দান স্থগিত রেখেছিলেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি রাও। শুক্রবার তিনি রায় শুনিয়েছেন। বিধানসভা নির্বাচনে এবার ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল সেই হিসেবে তারাই রাজ্যের প্রধান বিরোধী দল।

দলের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়কে। সে কথা স্পিকারকে জানিয়ে গত ৯ই মে একটি চিঠি দেয়া হয় তৃণমূলের তরফে। অভিযোগ, তার ভিত্তিতে স্পিকার কোনো পদক্ষেপই নেননি। পরে ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ উঠে। দলবিরোধী কাজের জন্য ১লা জুন বহিষ্কার করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে। এরপর ৩রা জুন বহিষ্কৃত সেই ঋতব্রতকেই বিরোধী দলনেতা বেছে তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কেরা স্পিকারকে আর একটি চিঠি দেন। স্পিকার সেই চিঠির ভিত্তিতে পদক্ষেপ নেন এবং ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা করেন। এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন মমতা গোষ্ঠীর তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।