চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু। শুক্রবার রাত প্রায় ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার চিরবিদায়ে শোকের ছায়া নেমে আসে দেশীয় সংস্কৃতি অঙ্গনে। মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং বিশিষ্ট নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী। দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে তিনি ছিলেন একজন মেধাবী ও সৃজনশীল ব্যক্তিত্ব। প্রযোজনা, পরিচালনা ও চিত্রনাট্য রচনায় তার স্বতন্ত্র কাজের পরিচয় রয়েছে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে— ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’। এসব কাজের মধ্যদিয়ে তিনি দর্শক ও শিল্প-সংস্কৃতির মানুষের কাছে পরিচিতি অর্জন করেন।
মৃত্যুকালে তিনি স্বামী নির্মাতা নুরুল আলম আতিক, দুই ছেলে শান্তি ও সাধু এবং এক মেয়ে অগ্নিকে রেখে গেছেন। গতকাল সকাল ৮টায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাত্রা শুরু হয়। সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় মরদেহ নেয়া হয়। সেখানে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। তারপর সকাল ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেয়া হয়। বাদ জুমা সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে উত্তরা ১১ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এ নির্মাতা।
