ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মিনি নিলামে বাংলাদেশ থেকে ১২ জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও তালিকায় নেই নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান। শুরুতে নাম দিলেও শেষ মুহূর্তে নিজেকে নিলাম থেকে সরিয়ে নিয়েছেন বাঁহাতি এই পেসার। ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে, দেশের সমর্থকদের সম্ভাব্য সমালোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মোস্তাফিজ।
টাইমস অব ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, নিলামে অবিক্রিত থেকে যাওয়া কিংবা গত বছরের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন মোস্তাফিজ। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত আসরের ঘটনাটি এখনো মোস্তাফিজের মনে গভীর দাগ কেটে আছে। তিনি আশঙ্কা করছেন, নিলামে দল না পেলে বা কোনো কারণে আবারও বাদ পড়লে দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়তে পারেন। এমনকি সমর্থকদের একাংশ তাকে ‘অর্থলোভী’ বলেও আখ্যা দিতে পারেন—মূলত এই ভাবনা থেকেই তিনি মিনি নিলামে না থাকার সিদ্ধান্ত নেন।
২০২৫ আইপিএলে অবিক্রিত থাকার পর মাঝপথে দিল্লি ক্যাপিটালসে সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। এরপর ২০২৬ সালের মিনি নিলামে তাকে ঘিরে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তুমুল লড়াই চলে। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড দামে তাকে দলে ভেড়ায় কলকাতা। কিন্তু নিলামে চড়া দামে বিক্রি হয়েও মাঠে নামা হয়নি মোস্তাফিজের। রাজনৈতিক কারণ ও নিরাপত্তার অজুহাত দেখিয়ে আইপিএল কর্তৃপক্ষ তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। এর জেরে তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় এবং শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হয়।
কোনো ম্যাচ না খেলেই আসন্ন নিলামের আগে মোস্তাফিজকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে (রিলিজ) দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, ফলে দলটির তহবিলে যোগ হয়েছে ৯ কোটি ২০ লাখ রুপি। ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া কলকাতাকে আবারও মোস্তাফিজকে দলে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে নিলামে নাম না থাকায় এবার আর কোনো ফ্র্যাঞ্চাইজিরই তাকে নেওয়ার সুযোগ থাকছে না। আইপিএলে না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটানোর সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের। আইপিএলের একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। গত বছর লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল মাতানো এই পেসারকে এবারও পাকিস্তানের এই লিগে দেখা যেতে পারে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আইপিএল থেকে মোস্তাফিজের নাম সরিয়ে নেয়ার নেপথ্যে
স্পোর্টস ডেস্ক
খেলা
৩৩ মিনিট আগে
২৭ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৬ঃ২৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
