সংবিধান সংশোধন করে ফ্যাসিস্ট আওয়ামীদের নিষিদ্ধকরণের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, এটা এখন সময়ের দাবিও। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা দেশে বিরাজমান শান্তি ও উন্নয়ন অগ্রযাত্রা বিনষ্ট করতে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে নৈরাজ্য ও নাশকতায় লিপ্ত রয়েছে। দেশবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডে নিমজ্জিত থাকায় আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জনগণের মধ্যে এখন জোর দাবি উঠেছে। ড. মারুফ হোসেন বৃহস্পতিবার মেঘনা উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি বলেন, সমৃদ্ধ দেশগড়ার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সন্ত্রাসীদের বিশৃঙ্খলা সৃষ্টির সকল অপচেষ্টা আইনিভাবে মোকাবেলা করা হবে। কোনো প্রকার ছাড় নেই। উন্নয়ন বাধাগ্রস্ত করতে সমাজে বিশৃঙ্খলাকারীদের দমনে সরকারের নীতিগত অবস্থান ‘জিরো টলারেন্স।
জনস্বার্থ বিনষ্টকারী এইসব অপরাধী আইনের ফাঁক-ফোঁকর দিয়ে যাতে রক্ষা না পায়, সে ব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা নিতে তিনি (ড. মারুফ) মেঘনা উপজেলার আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান। খন্দকার মারুফ জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিগত সরকার দু:শাসন, জুলুম নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র,অর্থনীতিসহ সকল ক্ষেত্র ধ্বংস করে পালিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধির মহানায়ক হয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। ইনশাআল্লাহ, আগামী দিনে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে সন্মানজনক অবস্থানে পৌঁছতে সক্ষম হবে। মেঘনার ইউএনও মৌসুমী আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মেঘনা বিএনপির আহবায়ক আবদুল অদুদ মুন্সি, সদস্য সচিব এসএম সালাহউদ্দিন সরকার, মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন বায়েজিদ, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.আব্বাস উদ্দিন, যুগ্ম আহবায়ক দিলারা শিরীন, মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ। বিএনপি কেন্দ্রীয় নেতা খন্দকার মারুফ বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের কল্যাণে যুগান্তকারী উন্নয়ন করে।
জনগণ নিরাপদে, সুখ স্বাচ্ছ্যন্দে জীবন যাপন করতে পারে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। মানুষ এইসব কাজের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছেন। সভায় ড.খন্দকার মারুফ মেঘনা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে- চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারি দমন, হাটবাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চুরি ও কিশোর গ্যাং প্রতিরোধ, জননিরাপত্তা জোরদার এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে বৃহত্তর জনস্বার্থে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন। নতুবা জনগণের কাছে আপনাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। কোনপ্রকার গাফিলতি কিংবা শৈথিল্য জনগণ মেনে নিবে না। ড.খন্দকার মারুফ হোসেন পরে মেঘনা উপজেলা প্রাণী সম্পদ অধিদফতর আয়োজিত ‘ প্রাণী সম্পদ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
