আদালতের রায়ে খারিজ ঋতব্রতর বিরোধী দলনেতার পদ

আদালতের রায়ে খারিজ ঋতব্রতর বিরোধী দলনেতার পদ

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ স্পিকারের নেয়া সিদ্ধান্ত বাতিল করে নতুন করে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দিয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে। ফলে এই সময় রাজ্যে বিরোধী দলনেতার পদ শূন্য থাকছে।

গত ৩ জুন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। শুক্রবার সেই সিদ্ধান্তই খারিজ করে দিল উচ্চ আদালত।
এর আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনেছিল। পরে মামলাটি একক বেঞ্চে ফেরত পাঠানো হয়। গত শনিবার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি কৃষ্ণ রাও। শুক্রবার তিনি রায় ঘোষণা করেন।

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে জয় পেয়েছে। সেই হিসাবে দলটিই রাজ্যের প্রধান বিরোধী দল।
তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেছিলেন। এ বিষয়ে গত ৯ মে স্পিকারকে চিঠিও দিয়েছিল দল।
অভিযোগ, ওই চিঠির ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপ করেননি। পরে চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে। এর মধ্যে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করে তৃণমূল।

এরপর ৩ জুন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কেরা স্পিকারকে নতুন চিঠি দিয়ে বহিষ্কৃত ঋতব্রতকেই বিরোধী দলনেতা করার দাবি জানান। সেই চিঠির ভিত্তিতে স্পিকার ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন।
স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মামলাতেই এবার স্পিকারের সিদ্ধান্ত খারিজ করে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।