মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শাসকগোষ্ঠীর গভীর সম্পর্ক, বিপুল অর্থ লেনদেন এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ন্ত্রণের গোপন পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে নতুন এক বইয়ে। অভিজ্ঞ সাংবাদিক ম্যাথিউ কোলের লেখা প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মদ বিন জায়েদের সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট বইয়ে আমিরাতের রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ব্ল্যাকমেইল, যৌনতা, নির্যাতন এবং ট্রাম্প প্রশাসনের ক্ষমতার লড়াইয়ের নানা অভিযোগ তুলে ধরা হয়েছে।
বইটির সবচেয়ে বিস্ফোরক দাবি, সৌদি আরব ও আমিরাতের সরকার কুশনারকে প্রায় ২ বিলিয়ন ডলার দিয়েছিল। এর মধ্যে ৭৫০ মিলিয়ন ডলার আমিরাতের একটি দাতব্য সংস্থা ওয়াতানি আল এমারাত ফাউন্ডেশনের মাধ্যমে ফার্স্ট আবুধাবি ব্যাংকে রাখা হয়। নাগরিক উন্নয়ন কর্মসূচির জন্য অর্থ দেওয়ার কথা থাকলেও তা আমিরাতের অস্ত্র কেনা ও গোপন সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে বলে দাবি করেছেন লেখক।
বর্তমানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ট্রাম্পের দূত হিসেবে কাজ করা কুশনার এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন। অন্যদিকে, নিউ ইয়র্ক টাইমস বলেছে, নতুন বছরে ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে অভিযোগগুলো তদন্ত করা উচিত। বইটির সূত্রগুলো নাম প্রকাশে অনিচ্ছুক। আমিরাত ও সৌদি রাজপরিবারও এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, বইয়ের সব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভাইকে ব্ল্যাকমেইল ও অক্ষম করে রাখার অভিযোগ
বইয়ে দাবি করা হয়েছে, ১৯৯০-এর দশকে আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ তার ভাই ও সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদের একটি সমকামী যৌন সম্পর্কের ভিডিও ধারণ করিয়েছিলেন। পরে রুশ যোগাযোগকারীদের মাধ্যমে ভিডিওটি তাদের বাবা ও আমিরাতের প্রতিষ্ঠাতা জায়েদ বিন সুলতানের কাছে পাঠানো হয়। উদ্দেশ্য ছিল খলিফাকে বিব্রত করা। লেখকের দাবি, ঘটনাটি পরিবারে মোহাম্মদ বিন জায়েদের ক্ষমতা দখলের উচ্চাকাংক্ষার প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখা হয়েছিল।
আরও গুরুতর অভিযোগ হলো, খলিফাকে চিকিৎসার নামে অকার্যকর করে রেখেছিলেন তার ভাই। ২০১৪ সালে স্ট্রোকের পর খলিফা কার্যত আড়ালে চলে গেলেও কোলের দাবি, এর অনেক আগে থেকেই তাকে এমন চিকিৎসা দেয়া হচ্ছিল, যা তাকে স্বাভাবিকভাবে কাজ করার সক্ষমতা থেকে বঞ্চিত করে। এতে তার স্নায়ুরও ক্ষতি হয়েছিল। এ কাজে এক মার্কিন নার্সের সহায়তা নেয়া হয়েছিল বলে বইয়ে উল্লেখ করা হয়েছে।
এফ-১৬ যুদ্ধবিমানে ইসরাইলি প্রযুক্তি
আমিরাতের সঙ্গে ইসরাইলের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কও বইটিতে উঠে এসেছে। কোলের দাবি, ১৯৯৮ সালে মোহাম্মদ বিন জায়েদ ইসরাইলি সফটওয়্যারযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন এফ-১৬ যুদ্ধবিমান কেনার জন্য তার বাবাকে রাজি করান। পরে আমিরাত ৮০টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয়। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনের উদ্যোগে এ নিয়ে ইসরাইল ও আমিরাতের মধ্যে গোপন আলোচনা হয়েছিল। অস্ত্র বিক্রির ফলে মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক শ্রেষ্ঠত্ব ক্ষতিগ্রস্ত হবে কি না, সেটিই ছিল আলোচনার মূল বিষয়।
ইসরাইলবিরোধী কবিকে নির্যাতন করে হত্যার অভিযোগ
২০১৯ সালে আমিরাতের প্রভাবশালী কবি হাবিব আল সায়েগকে নির্যাতন করে হত্যার অভিযোগও এনেছেন কোল। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করে ‘ইসরাইল ইজ আওয়ার রিয়েল এনিমি অ্যান্ড আ ডেঞ্জারাস প্রজেক্ট’ শিরোনামে নিবন্ধ লেখার পর তাকে বাড়ি থেকে তুলে নেয়া হয় বলে বইয়ে দাবি করা হয়েছে। তিন দিন নির্যাতনের পর তার মৃত্যু হয়। লেখকের অভিযোগ, নিরাপত্তা কর্মকর্তারা প্লায়ার্স দিয়ে তার দাঁত উপড়ে ফেলেন এবং ধাতব অংশযুক্ত বেল্ট দিয়ে পেটান।
কুশনার ও টম ব্যারাকের ক্ষমতার লড়াই
বইয়ে ট্রাম্প প্রশাসনের দুই প্রভাবশালী ব্যক্তি কুশনার ও টম ব্যারাকের দ্বন্দ্বের কথাও বলা হয়েছে। বর্তমানে তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ইরাক-সিরিয়াবিষয়ক বিশেষ দূত ব্যারাক মধ্যপ্রাচ্যের উন্নয়নে সৌদি আরব ও আমিরাতের অর্থায়নে মার্শাল প্ল্যানের আদলে একটি পরিকল্পনা করতে চেয়েছিলেন। কিন্তু কুশনার তাকে কেবল মিশরসংক্রান্ত দায়িত্বে সীমাবদ্ধ রাখেন।
২০১৭ সালে কাতারের বিরুদ্ধে সৌদি আরব ও আমিরাত অবরোধ আরোপ করলে দ্বন্দ্ব আরও বাড়ে। কুশনার অবরোধের পক্ষে অবস্থান নিলেও ব্যারাক তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে মিলে ট্রাম্পকে এতে যুক্ত না হওয়ার পরামর্শ দেন।
কোলের বইয়ে এসব অভিযোগের পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাজপরিবারগুলোর ক্ষমতার দ্বন্দ্ব ও যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে উপসাগরীয় দেশগুলোর প্রভাব বিস্তারের চিত্র উঠে এসেছে। তবে অভিযোগগুলোর স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত নয়।
