ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা জোটের শীর্ষ নীতিনির্ধারণী ফোরামের দুই দিনব্যাপী বৈঠক আজ শুক্রবার ইসলামাবাদে শুরু হচ্ছে। বৈঠকে সৌদি আরব ও ইয়েমেনের হুতি যোদ্ধাদের চলমান সংঘাতের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। উচ্চপর্যায়ের এই সম্মেলন ঘিরে ইসলামাবাদে সরকারি ও রাওয়ালপিন্ডিতে স্থানীয় ছুটি ঘোষণার পাশাপাশি চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডন।
বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নিচ্ছেন, যেখানে জোটের কার্যপদ্ধতি চূড়ান্ত করা ও তিন দেশের সামরিক সমন্বয় নির্ধারণে জোর দেয়া হবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, গত ৭ আগস্ট স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সৌদি আরবের ওপর যেকোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের ওপর হুমকি হিসেবে বিবেচিত হবে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে গঠিত এই জোটে সৌদি আরবে মোতায়েন করা পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও যুক্ত হবে। তবে তুরস্ক চুক্তিটির আত্মরক্ষামূলক চরিত্রের ওপর জোর দিয়ে ইয়েমেনের যুদ্ধে সরাসরি জড়ানোর বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে।
