মারা গেছেন নির্মাতা মাতিয়া বানু শুকু

মারা গেছেন নির্মাতা মাতিয়া বানু শুকু

ফন্ট সাইজ:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই। দীর্ঘদিন ক্যান্সার ও কিডনিজনিত জটিলতায় ভোগার পর শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়।

সেখানেই শেষ হয় তার জীবনের লড়াই। মাতিয়া বানু শুকু ছিলেন ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং বিশিষ্ট নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী। পারিবারিক পরিচয়ের পাশাপাশি নিজের সৃজনশীল কর্মের মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছিলেন স্বতন্ত্র অবস্থান। প্রযোজনা, পরিচালনা ও চিত্রনাট্য রচনায় তার প্রতিভার স্বাক্ষর রয়েছে দেশের নাট্যাঙ্গনে। ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’-এর মতো প্রশংসিত টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক তার উল্লেখযোগ্য কাজ। শিল্প ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ এবং নির্মাণে নিজস্ব চিন্তাধারার কারণে তিনি সহকর্মী ও দর্শকদের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র। সকাল ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার কথা রয়েছে।

সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে তাকে। বাদ জুমা সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর উত্তরা ১১ নম্বর সেক্টর জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা শেষে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্বামী নুরুল আলম আতিক, দুই ছেলে শান্তি ও সাধু এবং মেয়ে অগ্নি কে রেখে গেছেন।