বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্রে পরিণত করার উপায়

একটি বাস্তবসম্মত প্রস্তাবনা

বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্রে পরিণত করার উপায়

ফন্ট সাইজ:

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ ক্রমেই বাড়ছে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারত্ব ও হত্যাকাণ্ডের সংবাদ মানুষকে হতাশ করে তুলছে। রাতে বাড়ি ফিরতে দেরি হলে মায়ের বুক কাঁপে। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। অন্যদিকে, পুলিশের প্রতি আস্থার অভাবে ভুক্তভোগীরাও থানায় মামলা করেন না।

সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়ি পোড়ানো পতিত ফ্যাসিবাদী শক্তির নাশকতার উদাহরণ। এসব নাশকতা জনমনে আতঙ্ক ছড়াচ্ছে ও দেশকে অস্থিতিশীল করছে। এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতেই হবে।

কিন্তু একটি অপ্রিয় সত্যও বলা দরকার। অভিযোগ রয়েছে, আর্থিক সুবিধার বিনিময়ে ক্ষমতাসীন দলের কিছু স্থানীয় নেতা অপরাধীদের আশ্রয় দিচ্ছেন। ২০ নভেম্বর প্রকাশিত সংবাদ অনুযায়ী, রাজশাহীতে এক বিএনপি নেতার আটার মিল থেকে আওয়ামী লীগের এক নেতাকে এবং অন্য এক বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে । আর্থিক লেনদেন বা অপরাধে সহায়তার অভিযোগও নিরপেক্ষ তদন্তে যাচাই করতে হবে। ক্ষমতাশীন দলের লোকই যদি সন্ত্রাসীদের আশ্রয়দাতা হন, তাহলে আইনশৃঙ্খলার উন্নতি হবে কীভাবে? অপরাধী ও আশ্রয়দাতা উভয়কেই রাজনৈতিক পরিচয়নির্বিশেষে আইনের আওতায় আনতে হবে।

শুধু বর্তমান সংকট মোকাবিলা যথেষ্ট নয়। আমাদের ভাবতে হবে প্রায় ১৮ কোটি মানুষের বাংলাদেশকে কীভাবে নিরাপদ রাষ্ট্রে পরিণত করা যায়? এমন স্থায়ী ব্যবস্থা গড়তে হবে, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক শক্তি বা অপরাধী চক্র দেশের শান্তিশৃঙ্খলাকে জিম্মি করতে না পারে। পৃথিবীর অনেক দেশ পেরেছে। আমরা কেন পারব না?

সমস্যা কোথায়

পুলিশ কি কাজ করতে পারে না, নাকি করতে দেওয়া হয় না? আমার মনে হয়, বড় সমস্যা দ্বিতীয়টি; তবে জনবল, দক্ষতা ও জবাবদিহির ঘাটতিও উপেক্ষা করা যাবে না। যে কর্মকর্তার বদলি আর পদোন্নতি নেতার মর্জির ওপর নির্ভর করে, তিনি সেই নেতার লোকের বিরুদ্ধে মামলা নেবেন কোন সাহসে? তাই সংস্কার শুরু করতে হবে এখান থেকেই।

ছয়টি পদক্ষেপ

১. পুলিশকে দলীয় প্রভাব থেকে মুক্ত করা। জুলাই সনদের ৬৯ নম্বর প্রস্তাব অনুযায়ী স্বাধীন পুলিশ কমিশন আইন করে প্রতিষ্ঠা করতে হবে। ২০২৫ সালের পুলিশ কমিশন অধ্যাদেশের কার্যকারিতা লোপ পেয়েছে। নতুন আইনে কমিশনের স্বচ্ছ নিয়োগ, নির্দিষ্ট মেয়াদ, আর্থিক স্বাধীনতা ও অভিযোগ তদন্তের ক্ষমতা নিশ্চিত করতে হবে। নিয়োগ, বদলি ও পদোন্নতিতে দলীয় হস্তক্ষেপ বন্ধ হবে। নাগরিক যেমন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন, পুলিশ সদস্যরাও অন্যায় রাজনৈতিক চাপের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। পুলিশের আনুগত্য থাকবে সংবিধান ও আইনের প্রতি, কোনো নেতা বা দলের প্রতি নয়।

২. দক্ষ ও মানবিক পুলিশ। স্মার্ট পুলিশ মানে শুধু আধুনিক অস্ত্র বা গাড়ি নয়; মানে পেশাগত দক্ষতা, প্রযুক্তিজ্ঞান ও মানবিকতা। আমরা দলীয় পুলিশ চাই না। চাই মেধাভিত্তিক নিয়োগ, নিয়মিত প্রশিক্ষণ, আধুনিক ফরেনসিক প্রযুক্তি, ন্যায্য বেতন-আবাসন এবং সততার ভিত্তিতে পদোন্নতি। অতিরিক্ত কর্মঘণ্টা ও মানসিক চাপও কমাতে হবে।

৩. পুলিশের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। নিয়মিত সম্পদ বিবরণী গ্রহণ, আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের তদন্ত, ডিজিটাল পুলিশি সেবা এবং আইনসম্মতভাবে বডি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তের দায়িত্ব পুলিশের নিজস্ব বিভাগের হাতে থাকবে না; তা স্বাধীন পুলিশ কমিশনের অধীনে পরিচালিত হবে। একই সঙ্গে অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সৎ ও দক্ষ কর্মকর্তাদের পুরস্কৃত করতে হবে। এমন পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে সততা হবে লাভজনক আর দুর্নীতি হবে ঝুঁকিপূর্ণ। দুর্নীতি প্রমাণিত হলে ন্যায়সংগত বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৪. মানুষের কাছাকাছি পুলিশ। জাপানে কোবান (Koban) নামের ছোট ছোট পুলিশ সেবাকেন্দ্র রয়েছে, যেখানে পুলিশ মানুষের সমস্যা শোনে এবং অপরাধ প্রতিরোধে দ্রুত কাজ করে। বাংলাদেশের বিদ্যমান বিট পুলিশিং ব্যবস্থাকে আরও কার্যকর ও সফল করতে জাপানের কোবান মডেল অনুসরণ করা যেতে পারে। প্রথমে বিদ্যমান বিটের কার্যকারিতা যাচাই করে প্রয়োজন ও জনবল অনুযায়ী নির্বাচিত ইউনিয়ন ও ওয়ার্ডে থানার অধীনে স্থায়ী ক্ষুদ্র পুলিশ সেবাকেন্দ্র চালু করা যেতে পারে। সফল হলে পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে পুলিশি সেবা পৌঁছে যাবে জনগণের দোরগোড়ায়। পুলিশ হবে ভয়ের নয়, ভরসার প্রতীক।

৫. প্রযুক্তি, তবে লাগাম দিয়ে। ৯৯৯-এর বিদ্যমান পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সমন্বয় আরও শক্তিশালী করতে হবে। প্রয়োজন অনুযায়ী জেলা পর্যায়ের ব্যবস্থাপনা ও জনসমাগমস্থলে সিসিটিভি ব্যবহারের উন্নতি করা যেতে পারে। তবে প্রযুক্তি যেন রাজনৈতিক হয়রানি বা গোপনীয়তা লঙ্ঘনের হাতিয়ার না হয়, সে জন্য আগেই কঠোর আইনি সুরক্ষা থাকতে হবে। তথ্য সংরক্ষণের সময়সীমা, অনুমোদিত ব্যবহার ও স্বাধীন নিরীক্ষার বিধান রাখতে হবে।
৬. বিচারের নিশ্চয়তা ও অপরাধের শিকড় কাটা। অপরাধী পার পেয়ে গেলে পুলিশের সব পরিশ্রম বৃথা। নিরপেক্ষ তদন্ত, সাক্ষীর নিরাপত্তা, দক্ষ প্রসিকিউশন ও দ্রুত বিচার চাই। শাস্তির কঠোরতার চেয়ে অপরাধ প্রমাণিত হলে শাস্তির নিশ্চয়তা বেশি গুরুত্বপূর্ণ। দ্রুত বিচারের নামে আত্মপক্ষ সমর্থনের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। পাশাপাশি বেকারত্ব, মাদক ও কিশোর অপরাধ মোকাবিলা করতে হবে। তরুণদের কর্মসংস্থান, খেলাধুলা, মাদকাসক্তদের চিকিৎসা, পর্যাপ্ত রাস্তার আলো এবং নারী ও শিশুর নিরাপদ পরিবেশও জরুরি।

জাতীয় জননিরাপত্তা কাউন্সিল

এসব উদ্যোগ এক সুতোয় বাঁধতে একটি জাতীয় জননিরাপত্তা কাউন্সিল গঠন করা যেতে পারে। এর কাজ হবে জননিরাপত্তা নীতির সুপারিশ, সংস্থাগুলোর সমন্বয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মসম্পাদন মূল্যায়ন। মন্ত্রীর রাজনৈতিক জবাবদিহি থাকবে সংসদের কাছে। মামলা, গ্রেপ্তার বা বদলিতে হস্তক্ষেপের কোনো ক্ষমতা এই কাউন্সিলের থাকবে না। পুলিশের স্বাধীনতা রক্ষা করবে পুলিশ কমিশন, আর কাউন্সিল নিশ্চিত করবে, যেন সব সংস্থা একই লক্ষ্যে কাজ করে। বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর কাজের পুনরাবৃত্তি এড়াতে আইনেই কাউন্সিলের কার্যপরিধি সুনির্দিষ্ট করতে হবে। অর্থাৎ, কাউন্সিল কোনো প্রতিষ্ঠানের বিকল্প হিসেবে কাজ করবে না; বরং জননিরাপত্তায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধন, নীতিগত দিকনির্দেশনা প্রদান এবং তাদের কার্যক্রমের সামগ্রিক মূল্যায়ন করবে। কাউন্সিল প্রদত্ত সুপারিশের ওপর সরকারের লিখিত জবাব প্রকাশ করতে হবে।

কাউন্সিলের নেতৃত্বে থাকবেন সরকারপ্রধান। সদস্য থাকবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিরোধী দলের প্রতিনিধি এবং স্বাধীন সদস্যরা, যাঁদের মধ্যে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, মানবাধিকার ও নাগরিক সমাজের প্রতিনিধি, অপরাধবিজ্ঞান বিশেষজ্ঞ এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। স্বাধীন সদস্যরা সংখ্যাগরিষ্ঠ থাকবেন এবং সরকারপ্রধানের একক সিদ্ধান্ত বা ভেটোর সুযোগ থাকবে না। স্বাধীন সদস্যদের মনোনয়নে একটি স্বচ্ছ, যোগ্যতাভিত্তিক ও দলনিরপেক্ষ বাছাইপ্রক্রিয়া অনুসরণ করতে হবে; উন্মুক্ত মনোনয়ন, যোগ্যতার প্রকাশ্য মানদণ্ড এবং নির্দিষ্ট মেয়াদ থাকতে হবে।

অবসরপ্রাপ্ত সামরিক ও পুলিশ কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে, তবে সীমিত সংখ্যায়, দলনিরপেক্ষ এবং অবসরের পর নির্দিষ্ট সময় পার করা ব্যক্তিদের। জননিরাপত্তা বেসামরিক দায়িত্ব, তাই নিয়ন্ত্রণ থাকবে বেসামরিক নেতৃত্বের হাতে।

কাউন্সিল যেন কোনো একজন ব্যক্তির সততার ওপর নির্ভর না করে, সেই নিশ্চয়তাও থাকতে হবে। সদস্যদের স্বার্থের সংঘাত প্রকাশ করতে হবে। প্রত্যক্ষ ব্যক্তিগত বা দলীয় স্বার্থ জড়িত থাকলে সংশ্লিষ্ট সদস্য সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকবেন। স্বাধীন তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগের পর গুরুতর অসদাচরণ প্রমাণিত হলে আইন অনুযায়ী সদস্যকে অপসারণ করা যাবে। ব্যক্তিগত গোপনীয়তা ও চলমান তদন্তের সুরক্ষা রেখে নীতিগত সিদ্ধান্ত ও ভিন্নমত প্রকাশ্যে আসবে এবং প্রতি তিন মাসে সংসদ ও জনগণের কাছে প্রতিবেদন দিতে হবে। পাঁচ বছর পর স্বাধীন পর্যালোচনায় কাউন্সিল কাজ না করলে তা সংস্কার বা বাতিল করা হবে।

কাজ হচ্ছে কি না, বুঝব কীভাবে

প্রতিটি থানার কর্মদক্ষতা স্বাধীন সংস্থার মাধ্যমে প্রকাশ্যে মূল্যায়ন করতে হবে: অপরাধের হার, জরুরি ডাকে সাড়া দেওয়ার সময়, তদন্তের মান, অভিযোগ নিষ্পত্তি ও জনগণের আস্থা। তবে অপরাধ কম দেখাতে কেউ যেন অভিযোগ নিতে অনীহা না দেখায়, সেটিও নিশ্চিত করতে হবে। অভিযোগ বাড়লেই অপরাধ বেড়েছে ধরে নেওয়া যাবে না; আস্থা ফিরলে অভিযোগও বাড়তে পারে। তাই স্বাধীন জনমত ও অপরাধের শিকার হওয়ার অভিজ্ঞতাভিত্তিক জরিপের ফলও বিবেচনায় নিতে হবে।

শুরুটা হোক এখনই

সব উদ্যোগ একটি জাতীয় জননিরাপত্তা পরিকল্পনার (National Public Safety Plan) আওতায় আনা হোক। প্রথম তিন মাসে আইন, জনবল ও ব্যয়ের পর্যালোচনা করে পরিকল্পনা ও বাজেট প্রকাশ করা হোক। এরপর কয়েকটি নির্বাচিত জেলা ও মহানগরে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হোক। স্বাধীন বিশেষজ্ঞরা ফল ও ব্যয় যাচাই করবেন; সেই মূল্যায়নের ভিত্তিতেই পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছিল বলেই অসম্ভব সম্ভব হয়েছিল। নিরাপদ বাংলাদেশ গড়তেও সেই ঐক্য লাগবে, দলমতের ঊর্ধ্বে উঠে। সরকারের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা, আর আমাদের দায়িত্ব সচেতন থাকা ও সহযোগিতা করা। নাগরিক সহযোগিতা হবে আইনসম্মত ও শান্তিপূর্ণ; কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না।
হতাশার পরিবর্তে সারা দেশের মানুষের মধ্যে আশা ও উদ্দীপনা জাগিয়ে তুলতে হবে। নিরাপদ বাংলাদেশ গড়ার উদ্যোগকে একটি শান্তিপূর্ণ জাতীয় সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্রে পরিণত করা কোনো অসম্ভব স্বপ্ন নয়। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা।

রাষ্ট্রের নিরাপত্তার প্রকৃত মাপকাঠি শাসক কতটা নিরাপদ, তা নয়; একজন সাধারণ নাগরিক কিংবা একজন বিদেশি পর্যটক কতটা নিরাপদ, সেটিই।

লেখক: কানাডাপ্রবাসী রাজনৈতিক ও সমাজবিশ্লেষক।