গোপালগঞ্জে বার্ডোর আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা, গঠন ১৫ সদস্যের সমন্বয় কমিটি

গোপালগঞ্জে বার্ডোর আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা, গঠন ১৫ সদস্যের সমন্বয় কমিটি

ফন্ট সাইজ:

তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে গোপালগঞ্জে ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ১৫ সদস্যবিশিষ্ট উপজেলা কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির সহযোগী সংস্থা হিসেবে ব্র্যাকের তত্ত্বাবধানে ঢাকা বিভাগের গোপালগঞ্জে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে বার্ডো বাংলাদেশ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইছমত কাদির, বার্ডোর গোপালগঞ্জ সদর উপজেলা ম্যানেজার পংকজ কাপালী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন বার্ডোর গোপালগঞ্জ সদর উপজেলা ম্যানেজার পংকজ কাপালী। তিনি বলেন, আর্ন প্রকল্পের আওতায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য, উৎপাদন ও ক্ষুদ্র কুটিরশিল্প, পোশাকশিল্পসহ মোট ১৪টি খাতে আয়বর্ধক বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মমুখী দক্ষতায় দক্ষ করে তোলা এবং কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, শুধু প্রশিক্ষণ প্রদানই নয়, প্রশিক্ষণ-পরবর্তী সময়ে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা গড়ে তোলা এবং বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের বিষয়েও প্রকল্পে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইছমত কাদির বলেন, প্রকল্পটি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত। এর সুষ্ঠু বাস্তবায়ন ও কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করতে বিভিন্ন অংশীজনকে নিয়ে আজ একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিক পর্যায়ে গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ বলেন, দেশের জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে তিনি উপজেলার সকল চেয়ারম্যানকে প্রকল্পের কাজে সহযোগিতার আহ্বান জানান।

সভায় অংশ নেওয়া অংশীজনরা মনে করেন, গোপালগঞ্জের বিভিন্ন পর্যায়ের জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।